একবার ভাবুন, একটা আস্ত গ্রাম, সয়ে সয়ে লোকজন, বাজার-হাট, স্কুল কলেজ সব কিছু, জাস্ট একটা রাতের মধ্যে গায়েব। একটা জীবন্ত জনপদ একটা রাতের মধ্যে জনশূন্য হয়ে গেল। কিন্তু এত মানুষ কোথায় গেল? কিভাবে গেল? কেউ জানে না। সবচেয়ে বড় প্রশ্ন আসে, রাতারাতি ভিটে মাটি ছেড়ে তাঁরা গেল-ই বা কেন। রাজস্থানের সোনালী শহর জয়সলমীর থেকে মাত্র ১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত 'কুলধরা' গ্রাম। দিনের আলোয় ধূ-ধূ মরুভূমির বুকে এটি এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ মনে হলেও, সূর্য ডোবার সাথে সাথেই এই স্থানটি রূপান্তরিত হয় ভারতের অন্যতম রহস্যময় এবং অভিশপ্ত এক ভূতুড়ে গ্রামে। প্রায় দুশো বছর ধরে জনমানবহীন এই গ্রামটির প্রতিটি কোণায় জড়িয়ে আছে এক রাতের মধ্যে কয়েক হাজারেরও বেশি মানুষের উধাও হয়ে যাওয়ার গা-ছমছমে ইতিহাস এবং এক বুক ভাঙা অভিশাপের গল্প। আজ থেকে ৮০০ বছর আগে এই গ্রামে বসতি গড়েছিলেন পালিওয়াল ব্রাহ্মণরা। সে যুগে পালিওয়ালরা ছিল যথেষ্ট উন্নত এক জনজাতি, মরুভূমির মাটিতে গভীরে জলের সন্ধান করে, তাকে পরিশুদ্ধির মাধ্যমে মরুভূমিতেই চলত চাষ বাস। কুলধরা হয়ে উঠেছিল সেই সময়কার রাজস্থানের সবচেয়ে সাবলম্বী ও সমৃদ্ধ গ্রাম।
উনিশ শতক শুরু হতে না হতেই, এই গ্রামের উপরে নেমে আসে গাঢ় অন্ধকার। সেই সময় জয়সলমীরের দেওয়ান হয়েছিলেন অত্যাচারী সেলিম সিং। তিনি ছিলেন একজন নিষ্ঠুর,লোভী ও ক্ষমতার নেশায় পাগল এক অত্যাচারী শাসক। কিন্তু একদিন সেলিম সিংয়ের নজর গিয়ে পড়ে, কুলধরার গ্রামপ্রধানের মেয়ের উপরে। শোনা যায় মেয়েটি ছিল অসম্ভব সুন্দরী, আর সেই কারণেই সেলিম কুলধরার প্রধানকে সরাসরি হুমকি বার্তা পাঠান, আগামী পূর্ণিমায় মেয়ে কে তাঁর হাতে তুলে না দিলে গোটা গ্রাম জ্বালিয়ে ছারখার করে দেয়া হবে। তবে পালিওয়াল ব্রাহ্মণদের কাছে নিজেদের আত্মসম্মান এবং কন্যার সুরক্ষাই ছিল শেষ কথা। অত্যাচারী শাসকের কাছে মাথা নত না করে, তাঁরা সিদ্ধান্ত নেন নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটি ত্যাগ করার। আর সেই কথা মতোই, গোলা ভর্তি ফসল, জমি, বাড়ি, সম্পত্তি সব ফলে রেখে গোটা গ্রামের, কয়েক হাজার মানুষ আচমকা উধাও হয়ে যান। ভাবতে পারেন, শুধু একজন নারীর সম্মান বাঁচানোর তাগিদে ভিটে মাটি ছাড়ে একটা গোটা গ্রাম। তবে যাওয়ার আগে পালিওয়ালরা দিয়ে গেছিল ভয়ঙ্কর এক অভিশাপ, যে মাটিতে আমরা থাকতে পারলাম না, সেই মাটিতে কেউ কোনওদিন থাকতে পারবে না।
আজ প্রায় দুই শতাব্দী কেটে গেলেও কুলধরার সেই অভিশাপ যেন আজও সত্যি হয়ে রয়ে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ASI) এই গ্রামটিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে এবং সূর্যাস্তের পর এখানে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। দিনের বেলা পর্যটকদের আনাগোনা থাকলেও, বিকেল গড়ালেই ভারী নীরবতা গ্রাস করে পুরো চত্বরকে। ছাদহীন মাটির বাড়িগুলো, ভাঙা মন্দির আর জনশূন্য রাস্তাগুলো দেখলে মনে হয়, সময়ের চাকা যেন হঠাৎ করেই থমকে গেছে। প্যারানর্মাল গবেষক এবং স্থানীয়দের মতে, কুলধরার আনাচে-কানাচে আজও সেই অভিশপ্ত রাতের দীর্ঘশ্বাস এবং হারিয়ে যাওয়া মানুষদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। ভারতের বিখ্যাত 'প্যারানর্মাল সোসাইটি'-র প্রতিষ্ঠাতা গৌরব তিওয়ারি ও তার টিম যখন এখানে রাত কাটিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন, তখন তাঁদের ইএমএফ (EMF) মিটারে অস্বাভাবিক শক্তি বা এনার্জির উপস্থিতি ধরা পড়েছিল। তাঁদের স্পিরিট বক্সে ভেসে এসেছিল কিছু অস্পষ্ট কণ্ঠস্বর। তারা দাবি করেন, রাতে এই চত্বর থেকে নারীদের কান্নার আওয়াজ, চুড়ির ঝনঝনানি আর শিশুদের কান্নার শব্দ ভেসে আসে এবং দাঁড়িয়ে থাকা গাড়িগুলির ধুলোবালির ওপর হঠাৎ হাতের ছাপ তৈরি হতে দেখেছেন।
বিজ্ঞান অবশ্য বলে, কুলধরা খালি হয়ে যাওয়ার পিছনে দায়ী প্রকৃতি। হঠাৎ ভূমিকম্পের আগাম আভাস পেয়ে,গোটা গ্রাম অন্য কোথাও চলে যায়। আবার কারোর মতে জলস্তর নেমে যাওয়ায়, চাষ-বাস বন্ধ হয়ে যায়,আর তাই তারাও চলে যায় গ্রাম ছেড়ে। কিন্তু পালিওয়ালরা উধাও হয়ে গেল কোথায়? হাজার হাজার মানুষ হারিয়ে গেল কোথায়। কুলধরার সব ঘটনা-ই সবই তর্কাতীত এবং রাজস্থানের এই পরিত্যক্ত প্রান্তর আজও প্রমাণ করে যে, কিছু রহস্যের সমাধান আধুনিক বিজ্ঞানও পুরোপুরি করতে পারেনি। তবে বলাই যায় কুলধরা কেবল এক অভিশপ্ত ভূতুড়ে গ্রাম নয়, এটি হলো এক অত্যাচারী শাসকের বিরুদ্ধে একটি গোটা সম্প্রদায়ের আত্মসম্মান রক্ষার লড়াই, যেখানে একজন নারীর সম্মান রক্ষার জন্য গোটা গ্রাম পাশে দাঁড়িয়েছিল, যা থেকে যাবে ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে যাওয়া এক রহস্যময় রূপকথা হয়ে।