''বৃদ্ধাশ্রম''--এই কথাটির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে একরাশ অভিমান, একাকিত্ব আর অনেক না বলা কষ্ট। যে বাবা-মা একদিন নিজেদের সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তুলেছিলেন , জীবনের শেষ প্রান্তে এসে তাঁদের অনেকেরই ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। তখনি প্রশ্ন ওঠে, আধুনিক সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি কি আগামী প্রজন্মকে আরও বেশি অমানবিক করে তুলছে?
একসময় যৌথ পরিবার ছিল।যা ছিল আমাদের সমাজের শক্ত ভিত। পরিবারের বয়স্ক মানুষদের অভিজ্ঞতা, ভালোবাসা ও আশীর্বাদে সমৃদ্ধ হতো পরবর্তী প্রজন্ম। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে আমাদের জীবনযাত্রা, বেড়েছে ব্যস্ততা, আত্মকেন্দ্রিকতা এবং আমাদের চাহিদা। এখন অনেক ক্ষেত্রেই বৃদ্ধ বাবা-মা হয়ে উঠছেন পরিবারের কাছে বাড়তি দায়িত্ব। তাঁদের সময় দেওয়া, অসুস্থতায় পাশে থাকা কিংবা মনের কথা শোনার মতো সামান্য বিষয়গুলোও যেন আজ বিলাসিতা।
তবে বৃদ্ধাশ্রম মানেই যে অমানবিকতা সব ক্ষেত্রে সেটা নয়। অনেক সময় নিঃসঙ্গ প্রবীণদের নিরাপত্তা, চিকিৎসা ও সঙ্গ দেওয়ার জন্য বৃদ্ধাশ্রম প্রয়োজনীয় আশ্রয়ও হয়ে ওঠে। আবার কেউ কেউ স্বেচ্ছায় সেখানে থাকতে চান। তবে সমস্যা বৃদ্ধাশ্রমের অস্তিত্বে নয়, সমস্যা আমাদের মানসিকতায়। মনে রাখতে হবে, বাবা-মায়ের প্রয়োজন শুধু অর্থ বা আশ্রয় নয়, প্রয়োজন ভালোবাসা, সম্মান এবং একটু সময়। বৃদ্ধাশ্রম যেন কখনও অবহেলার ঠিকানা না হয়, বরং হয়ে উঠুক ভালো থাকার নিরাপদ আশ্রয়। ।