অনিন্দ্য বিশ্বাস: মুম্বাইয়ের ভান্ডুপ, ২০০১ সালের ৭ই মে। ব্যস্ত স্টেশনের ফুট ওভার ব্রিজ থেকে উদ্ধার করা হল বিদ্যাকে। ৭ বছরের বিদ্যা তখন মৃত্যুমুখে। টিবি, এইচআইভি বাসা বেঁধেছে ওর শরীরে। বেগার মাফিয়ারা এক প্রকার শেষ করে দিয়েছে মেয়েটির জীবন, তাও রেহাই দেওয়া হয়নি ওকে। মৃত্যুর দিকে এক পা বাড়িয়ে থাকা বিদ্যা, হাসপাতালের বিছানায় শুয়ে শুধু এক টুকরো রুটি খেতে চেয়েছিল। ৭ বছরের ছোট্ট জীবনে ওটাই ছিল ওর শেষ খাবার। বিহারের রাহুল, মেলা থেকে অপহরণ করে তাকে নিয়ে আসা হয় দিল্লিতে। তার ডান হাতের কব্জি থেকে কেটে ফেলা হয়, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে পচন ধরে ক্ষত স্থানে। তিন বছর পরে দিল্লি পুলিশ ও এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ অভিযানে উদ্ধার হয় রাহুল। ততদিনে তার শৈশব দেখে ফেলেছে মানুষ নামক রাক্ষসদের ভয়ঙ্কর একটা দিক।
শহরের ব্যস্ত সিগনালে, দামি গাড়ির কাঁচ নামিয়ে একটা কয়েন বা একটা ১০ টাকার নোট কোনও বাচ্চার হাতে বাড়িয়ে দেই, ভাবি অনেক পুণ্য করে ফেললাম। কিন্তু সব জেনে শুনেও আমরা সত্যিটা এড়িয়ে যাই। ঝামেলায় কে জড়াতে চায় বলুন? আর এই সুযোগ গুলোই কাজে লাগিয়ে গোটা দেশে অপরাধের জাল আরও চওড়া করে যাচ্ছে বেগার মাফিয়ারা। মজার কথা, প্রশাসন, আইন, পুলিশ সকলের চোখের সামনে চলা এই অপরাধ একটি সুসংগঠিত, নির্মম ও বহুমাত্রিক অপরাধ চক্র শিকড় গেড়েছে । যে শৈশবের চঞ্চলতায় মেতে থাকার কথা, সেই শৈশব বন্দি ফুটপাথে আর এই সুসংগঠিত অপরাধের জালে।
সূত্র মারফত জানা যায়, পাচার হওয়া বেশিরভাগ শিশুদের ব্যবহার করা হয় ভিক্ষা বা কোনও কলকারখানায় শ্রমিক হিসাবে। ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা, হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল, বাংলাদেশ থেকে শিশু পাচার করা হয়ে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই শিশুরা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারি। অনেক ক্ষেত্রে দেখা যায় পয়সায় জন্য মা-বাবাই বিক্রি করে দেয় তাদের নিজেদের সন্তানকে। যে শিশু স্বপ্ন দেখত একদিন বড় শহরে আসবে মা-বাবার হাত ধরে, সেই শিশুটি শহরকে চিনে যায় অন্যভাবে। তাদের উপরে চলে নির্যাতন, পঙ্গু করে দেওয়া হয়, কখনও কেটে দেওয়া হয় হাত, ভেঙে দেওয়া হয় পা। কোলের শিশুদের ঘুম পাড়িয়ে রাখার জন্য দেওয়া হয় ঘুমের ইনজেকশন। আর মেয়ে শিশুদের একটা বয়সের পরে নামিয়ে দেওয়া হয় দেহ ব্যবসায়।
শুনতে খারাপ লাগলেও, নাম প্ৰকাশে অনিচ্ছুক এক সরকারি প্রতিনিধির দাবি, প্রতিটি অপরাধ দিনের পর দিন, বছরের পর বছর ঘটে চলেছে প্রশাসন ও পুলিশের নাকের ডগা দিয়েই। আমরাও অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকি। আর এই র্যাকেট সুন্দর ভাবে ঘটিয়ে চলে অপরাধ। আড়ালে চলে কোটি কোটি টাকার লেনদেন, যেখানে পণ্য করা হয় নিষ্পাপ শিশুদের কান্না। অথচ এই চক্রে আটকে পড়া শিশুদের না থাকে কোনো পরিচয়, না ভবিষ্যত। বড় হওয়ার সাথে সাথে এদের ঠেলে দেওয়া হয় পকেটমারি, মাদক পাচার অথবা যৌন ব্যবসার মত আরও গভীর অপরাধের অন্ধকারে।
কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক শিশু পাচার রোধে আইনি সংস্কার ও পুনর্বাসনমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ১৪৩ এবং ১৪৪ ধারায় মানব পাচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। পাচারকারীদের শনাক্ত ও ট্র্যাক করার জন্য 'ন্যাশনাল ডেটাবেস অফ হিউম্যান ট্র্যাফিকিং অফেন্ডার্স' (NDHTO) এবং যৌন অপরাধীদের জন্য 'ন্যাশনাল ডেটাবেস অন সেক্সচুয়াল অফেন্ডার্স' (NDSO) চালু করা হয়েছে। এ ছাড়া পাচার সংক্রান্ত অপরাধের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থাকে (NIA) যুক্ত করা হয়েছে। 'মিশন বাৎসল্য' প্রকল্পের অধীনে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনগুলোর (CCIs) মাধ্যমে পাচার হওয়া শিশুদের উদ্ধার, আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) বিভিন্ন রাজ্যকে সচেতনতা বৃদ্ধির বিষয়ে গাইডলাইন দিয়ে আসছে।
বিদ্যার ভিক্ষার বাটিতে সেদিন ছিল ৬৫ টাকা ৫০ পয়সা। উদ্ধারকারী সমাজসেবী ওই ভিক্ষার বাটিটি রেখে দেন, নাম দেন 'টিয়ার্স অফ বিদ্যা', কিন্তু তাও প্রতিদিন হাজার হাজার বিদ্যার চোখের জল আমরা দেখেও দেখতে পাইনা। এর জন্য দায়ী কে? সমাজ? প্রশাসন? নাকি আমরা? দায় কিন্তু বর্তায় সকলের উপরেই। আইনের নাকের ডগা দিয়ে যেভাবে এই অপরাধ হয়ে যায়, তাতে সর্ষের মধ্যে ভূত থাকাটা একেবারেই অস্বাভাবিক নয়। আইনি ব্যবস্থা আরও কঠোর হোক, তৎপরতা বাড়ুক পুলিশের। আমরাও আরও দায়িত্বশীল হই, ভিক্ষা দিয়ে না বরং শিশুদের সঠিক জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করে না হয় আরও একটু বেশি পুণ্য অর্জন করি। বিদ্যাদের চোখের জল যতদিন না বন্ধ হচ্ছে, এই সমাজ, পুলিশ, প্রশাসন প্রত্যেকেই মস্ত বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াবে। প্রতিটি বিদ্যা প্রশ্ন করবে, 'আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই', প্রশ্নটা একবার নিজেদেরও করুন না হয়।