Calcutta Television Network

নাচের রিলেই ঝড়! শ্রেয়াঙ্কার পোশাক নিয়ে কটাক্ষ, এবার ট্রোলারদের তুলোধোনা

নাচের রিলেই ঝড়! শ্রেয়াঙ্কার পোশাক নিয়ে কটাক্ষ, এবার ট্রোলারদের তুলোধোনা

21 August 2026 , 05:10:11 pm

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, ইনস্টাগ্রামে তাঁর একটি নাচের ভিডিও নিয়েই বিতর্ক। জনপ্রিয় বলিউড গানের সঙ্গে নাচের একটি রিল পোস্ট করার পর সমাজমাধ্যমে একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর পোশাক এবং নাচের ধরন নিয়েও নানা মন্তব্য করা হয়। এবার সেই সমালোচনারই জবাব দিয়েছেন শ্রেয়াঙ্কা। সম্প্রতি কর্নাটকের আর এক মহিলা ক্রিকেটারের সঙ্গে একটি নাচের ভিডিও প্রকাশ করেন শ্রেয়াঙ্কা। সেখানে তাঁকে জনপ্রিয় হিন্দি ছবির একটি গানের সঙ্গে নাচতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তোলেন, কেউ আবার তাঁর নাচকে অশালীন বলে মন্তব্য করেন। আবার কয়েকজন তাঁর ক্রিকেটার জীবন নিয়েও প্রশ্ন তুলছেন। সরাসরি তাঁকে সমাজমাধ্যমে সক্রিয় কনটেন্ট নির্মাতা বলেও কটাক্ষ ছুঁড়ে দেন। এই সমালোচনায় অবশ্য খুব একটা আমল দিতে রাজি নন শ্রেয়াঙ্কা। তাঁর বক্তব্য, ক্রিকেট তাঁর পেশা হলেও নাচ তাঁর ব্যক্তিগত ভালবাসা। দীর্ঘদিন ধরেই তিনি নাচের ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেন। তাই ক্রিকেটার হওয়ার কারণে নিজের অন্য পছন্দকে বাদ দিতে হবে, এমনটা তিনি মনে করেন না। বরং তাঁর মতে, শুধুমাত্র নাচের জন্য কাউকে আক্রমণ করার প্রবণতা সমালোচকদের নিম্ন মানসিকতারই পরিচয় দেয়।

https://www.instagram.com/reel/Db29lhYxr8i/?utm_source=ig_web_button_share_sheet

ভিডিওটির সঙ্গে শ্রেয়াঙ্কা মজার ছলে একটি ক্যাপশনও দিয়েছিলেন। পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আত্মবিশ্বাস এবং নিজের প্রতি ভালবাসার বার্তাও দেন তিনি। জানা গিয়েছে, রিলটি ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে গিয়েছে। অনেকেই তাঁর সমর্থনেও মন্তব্য করেছেন। তাঁদের প্রশ্ন, পুরুষ ক্রিকেটাররা বিনোদনের জন্য নাচলে যেখানে এত আপত্তি থাকে না, সেখানে মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রেই কেন পোশাক বা নাচ নিয়ে এত প্রশ্ন ওঠে? শ্রেয়াঙ্কার ক্রিকেটীয় পরিচয়ও যথেষ্ট শক্তিশালী। মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন তিনি। ২০২৪ সালের প্রতিযোগিতায় দুর্দান্ত বোলিং করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই মরসুমে তাঁর ঝুলিতে এসেছিল ১৩টি উইকেট। ফাইনালেও নজর কাড়েন তিনি। পরের মরসুমের জন্যও তাঁকে দলে রেখে দেয় বেঙ্গালুরু। জাতীয় দলের হয়েও ইতিমধ্যে টি-টোয়েন্টি খেলেছেন এই তরুণ অলরাউন্ডার। চোটের কারণে বিশ্বকাপের দল থেকে সরে যেতে হলেও মাঠের বাইরের এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন শ্রেয়াঙ্কা। ক্রিকেটের পাশাপাশি নিজের পছন্দের কাজ উপভোগ করতেও যে তিনি পিছপা নন, তাঁর সাম্প্রতিক বার্তায় সেটাই আরও একবার স্পষ্ট হয়ে গেছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN