একটি শিশুর পৃথিবী শুরু হয় তার বাবা-মাকে ঘিরেই। বাবা-মায়ের ভালোবাসা, স্নেহ, যত্ন এবং নিরাপত্তার মধ্যেই গড়ে ওঠে তার মানসিক জগৎ। কিন্তু সেই শৈশবেই যদি শিশু অবহেলার শিকার হয়, তাহলে তার প্রভাব কিন্তু তার ভবিষ্যতেও পড়তে পারে।
মনোবিজ্ঞানীরা বলছেন, শৈশবে বাবা-মায়ের অবহেলা সন্তানের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। শিশুরা শুধু খাবার, পোশাক কিংবা ভালো স্কুল চায় না, তারা চায় বাবা-মায়ের ভালোবাসা। কিন্তু অনেক সময় কর্মব্যস্ততা, পারিবারিক অশান্তি কিংবা মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে বাবা-মা সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না।
এর ফলে শিশুদের মধ্যে একাকিত্ব, নিরাপত্তাহীনতা, আর আত্মবিশ্বাসের অভাব দেখা দিচ্ছে । বড় হয়ে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করতেও কিন্তু তাদের অসুবিধা হচ্ছে । অনেক শিশু নিজের মনের কথা প্রকাশ করতে শিখছে না, আবার কেউ কেউ অল্পতেই হতাশ হয়ে পড়ছে।
তাই সন্তানকে শুধু ভালো স্কুলে ভর্তি করানো কিংবা দামি উপহার দিলেই দায়িত্ব শেষ নয়। তার পাশে বসে দুটো কথা বলা, মন দিয়ে তার কথা শোনা এবং তাকে বোঝানো যে সেও গুরুত্বপূর্ণ, এগুলিও কিন্তু ভীষণ জরুরি। তাই সন্তান কে শুধু উপহার নয়, তাকে সময় ও ভালোবাসা দিন -- তবেই গড়ে উঠবে তাদের সুন্দর শৈশব এবং সেই সঙ্গে ভবিষ্যতও সুন্দর হবে।