নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম-প্রায় সবারই শৈশবের একটি বড় অংশ জুড়ে আছে নীল রঙের এক অদ্ভুত রোবট বিড়াল, যার নাম ডোরেমন। কানহীন গোলগাল চেহারা, গলায় সোনালি ঘণ্টা আর পেটের কাছে থাকা ‘ফোর-ডাইমেনশনাল পকেট’ নিয়ে ডোরেমন জয় করেছে কোটি মানুষের হৃদয়। তবে এই জনপ্রিয় অ্যানিমে চরিত্রটির যাত্রা শুরু হয়েছিল জাপানের ঐতিহ্যবাহী মাঙ্গা কমিক্স থেকে।
১৯৬৯ সালের ডিসেম্বরে জাপানের বিখ্যাত মাঙ্গা শিল্পী জুটি ফুজিকো এফ. ফুজিও, হিরোশি ফুজিমোতো এবং মোতো আবিকো-এর হাত ধরে প্রথম প্রকাশিত হয় ডোরেমন মাঙ্গা। মজার বিষয় হলো, লেখক হিরোশি ফুজিমোতো যখন নতুন কোনো গল্পের আইডিয়া খুঁজে পাচ্ছিলেন না, তখন ঘরে থাকা মেয়ের খেলনা এবং রাস্তার একটি বিড়াল দেখে তাঁর মাথায় এই চরিত্রের ভাবনা আসে। শুরুতে এটি ছয়টি আলাদা ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পরবর্তীতে ১,৩৪৫টি গল্প নিয়ে মোট ৪৫টি খণ্ডে সংকলিত হয় এই কালজয়ী কমিক্সটি, যা বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি কপি বিক্রি হয়ে সর্বকালের অন্যতম সেরা বিক্রিত কমিক্সের তালিকায় জায়গা করে নেয়।
মাঙ্গা কমিক্সের পাতায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ১৯৭৩ সালে প্রথম ডোরেমনের অ্যানিমে সিরিজ তৈরি হয়, তবে ১৯৭৯ সালের সিরিজটি একে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়। গল্পের প্রেক্ষাপট খুব সাধারণ কিন্তু আকর্ষণীয়। ২২শ শতাব্দী থেকে টাইম মেশিনে চড়ে বর্তমান সময়ে আসে ডোরেমন। তার উদ্দেশ্য হলো পড়াশোনায় অমনোযোগী ও কিছুটা ভীতু স্বভাবের স্কুলছাত্র নোবিতা নোবিকে সাহায্য করা। নোবিতার দৈনন্দিন জীবনের নানা বিপদ সামাল দিতে ডোরেমন তার জাদু পকেট থেকে বের করে আনে ‘এনিহোয়্যার ডোর’, ‘ব্যাম্বু কপ্টার’ কিংবা ‘মেমোরি ব্রেড’-এর মতো অদ্ভুত সব গ্যাজেট।
ডোরেমনের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল, সাধারণ মধ্যবিত্ত ঘটনা গুলো। সেই ঘটনাগুলোই সুন্দর কমিডি আর ইমোশন মিশিয়ে তৈরি হয় ডোরেমন। এখানে নোবিতা কোনো সুপারহিরো ছিল না, সে ছিল আমাদের চারপাশের সাধারণ শিশুদেরই প্রতিচ্ছবি। পরীক্ষায় খারাপ ফল করা বা বন্ধুদের কাছে 'বুলি' হওয়ার মতো ছোট ছোট দুঃখগুলোর সাথে শিশুরা সহজেই নিজেদের মিল খুঁজে পেত। অন্যদিকে, জিয়ান, সুনিও এবং শিজুকার মতো চরিত্রগুলো বন্ধুত্বের খুনসুটি ও সহমর্মিতাকে ফুটিয়ে তুলেছে বারবার।
এই ডোরেমন সিরিজটি বিনোদনের পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষাও দিয়ে গেছে। নোবিতা যখনই গ্যাজেটের ব্যবহার করে সহজ পথে সফল হতে চায়, তখনই সে বিপদে পড়ে। লেখক যেন স্পষ্ট বলতে চেয়েছেন, কোনো শর্টকাট নয়, বরং নিজের পরিশ্রম ও সততাই হল সাফল্যের আসল চাবিকাঠি। মাঙ্গা কমিক্সের সাদাকালো পাতা থেকে শুরু হওয়া ডোরেমনের ভবিষ্যতের যাত্রা হয়ত আগামীতেও এরকম জনপ্রিয়তা নিয়েই থেকে যাবে।