কবি জীবনানন্দ দাস-এর 'কল্লোলিনী তিলোত্তমা'-র বয়স বেড়ে হয়েছে প্রায় ৩৩৬ বছর। এতগুলো বছর ধরে মানুষ ছাড়াও এই শহরের স্থায়ী বাসিন্দা তেনারাও। একদমই ঠিক ধরেছেন, ভূত। অবশ্য হাইরাইজ আর ফ্ল্যাট বাড়ির ঠেলায় তাঁরা এখন রীতিমত কোণঠাঁসা। তাই এখনও হয়ত শহরের পুরানো বাড়ি বা, ওই কোণা-খামচিতে তাঁদের দেখা মিললেও মিলতে পারে। আজ রইলো কিছু পুরোনো ঐতিহাসিক জায়গার-র গল্প,যেখানে নাকি এখনও তেনারা বাস করেন।
কলকাতার 'হন্টেড হাউস' বলতেই, প্রথমেই চলে আসে রাইটার্স বিল্ডিং-এর নাম। শহরের প্রাণ কেন্দ্রে থাকা এই ভবনটি কয়েকশো বছর ধরে বহু ইতিহাস বহন করে চলেছে। একসময় এই এলাকা ছিল কলাবাগান, সেখানে চলত সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার। শোনা যায়, একসময়ে এখানে ইংরেজ সাহেবদের কবর-ও দেওয়া হত। এছাড়া খুন-রাহাজানির নানা ঘটনা এই এলাকায় জনশ্রুতিতে আছে। পরে ১৭৮০ সালে ইংরেজ সরকার এখানে তাদের কর্মচারীদের থাকার ও প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য ভবন নির্মাণ করেন। এই ভবনে নিজের অফিসেই কর্মরত কর্নেল সিম্পসন-কে গুলি করে হত্যা করেন বাংলার তিন বিপ্লবী, বিনয়-বাদল-দীনেশ। এখনও নাকি শোনা যায় টাইপ রাইটারের খটা-খট শব্দ। তাহলে কি সিম্পসন এখনও টাইপ করে চলেছেন ? প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় নাকি ভূতের মুখোমুখি হয়েছিলেন এখানে। রাতের বেলা কাজ সেরে ফেরার সময়, তাকে কোনও অশরীরী কনস্টেবল স্যালুট করেছিলেন। প্রশ্ন থেকেই যায়, এই কনস্টেবল কে মায়না দিত কে ?
এর পরে যে ভবনের কথা উঠে আসে তা হল আলিপুরের হেস্টিংস হাউস। দেড় দশক ধরে এই ভবন থেকেই প্রশাসনিক কার্য পরিচালনা করতেন তিনি। ১৮৭৫ সালে তিনি ব্রিটেনে ফিরে গেলেও, তাঁর আত্মা কলকাতা ছাড়তে পারেনি। আশেপাশে কান পাতলেই শোনা যায়, গভীর রাতে ঘোড়ার গাড়ির এগিয়ে আসার শব্দ, কাঠের দরজার ক্যাঁচক্যাঁচ, যেন কোনও অশরীরী গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যান । অন্যরা বলে, তারা এর চেয়েও অদ্ভুত কিছু দেখেছে। একজন লোক ড্রয়ার আর আলমারি তছনছ করছে, কাগজের খসখস শব্দ, উন্মত্ত অনুসন্ধানের তাড়নায় ফাইলপত্র এদিক-ওদিক ছোঁড়াছুঁড়ি। ভূত শিকারিদের কথায়, হেস্টিংস সাহেবই নাকি আজও ফিরে আসেন কালো বাক্স উদ্ধারের আশায়, এক সময় যে বাক্সে জীবন-মৃত্যু লুকিয়ে ছিল।
এই গা-ছমছমে ইতিহাসের পরের স্টেশন 'রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব'। কোনও এক সাহেব জর্জ উইলিয়ামস, তার প্রিয় ঘোড়াটির নাম ছিল প্রাইড। প্রাইড নাকি কখনও কোনও রেসে হারেনি। কিন্তু বয়সের ভারে প্রাইড ক্লান্ত হয়ে গিয়ে একবার রেস্ হেরে বসে। তার পরদিনই প্রাইডের মৃতদেহ আবিষ্কার হয় টার্ফ থেকে। শোনা যায় এখনও পূর্ণিমার রাতে, এক সাদা ঘোড়া উন্মত্তের মত ছুঁটে বেড়ায় টার্ফে, বোধহয় প্রাইড, ও এখনও জিততে চায়।
এছাড়াও কল্লোলিনীর কোণায় কোণায় বেরিয়ে আসে ভূতেদের কথা। মল্লিকঘাট ফুল মার্কেটের গঙ্গার ঘাটে ডুবন্ত অশরীরী, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ভৌতিক কান্ড,ন্যাশনাল লাইব্রেরির ভূতের অত্যাচার বা শোভাবাজারের পুতুল বাড়ি, কান পাতলে উঠে আসে হাজার হাজার গল্প। লোক মুখে শোনা এই গল্প গুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়, যুক্তিবাদীরাও বার বার প্রশ্ন তুলেছেন, এগুলো আদৌ সত্যি নাকি, ঘটনা আর ইতিহাস জন্ম দিয়েছে ভূতের। এই ভূতের গপ্পো ভাঙার জন্য এক সংস্থা শুরু করেছিল 'রাইস অ্যাবভ ফিয়ার' নামের একটা ক্যাম্পেইন, সাথে রয়েছে কলকাতা পুলিশও। তবে যাই হোক মানুষ ভয় পেতে খুব ভালোবাসে। চায়ের আড্ডা হোক আর বর্ষার রাত, হেস্টিং সাহেব বা প্রাইড ঠিক এসে যায়-ই। তাই এর পর এইসব এলাকা দিয়ে যাতায়াত করলে সাবধান, সাহেবের ভূত যেন আপনাকে না দেখে ফেলে।