Calcutta Television Network

অহংকার দর্পহারিণী দেবী হৈমন্তিকা

অহংকার দর্পহারিণী দেবী হৈমন্তিকা
14 November 2026 • 03:50:28 pm

শরৎ শেষে হেমন্তের আগমন। শারদোৎসবের রেশ কেটেছে সবে, রাতের বেলা বা ভোরের দিকে বাতাসে রয়েছে এক অদ্ভুত শিরশিরানি। বাতাসে ছাতিমের গন্ধ, হালকা ঠান্ডা আর উৎসবের রেশ ধরেই শুরু হচ্ছে হৈমন্তিকার আরাধনা। হৈমন্তিকা, দেবী জগদ্ধাত্রীর আরেক নাম। কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী থেকে নবমী দেবীর আরাধনা টানা পাঁচদিন। হেমন্তে এই পূজা হয় বলেই তিনি হৈমন্তিকা। জগদ্ধাত্রী, গোটা বিশ্বকে ধারণ করেন যিনি, দেবী দুর্গার আরেক রূপ। তিনি পালন করেন আবার তিনিই সংহার করেন। দেবীভাগবত অনুসারে, দেবতাদের দর্পচূর্ণ করার জন্যই মহামায়া, জগদ্ধাত্রী রূপে প্রকাশ হয়েছিলেন। 


পৌরাণিক আখ্যান বলে, অসুরবধের পরে ইন্দ্রাদিদশদিকপাল সহ বাকি দেবতারা অহংকারী হয়ে উঠলেন। যেহেতু দেবী দুর্গা তাদেরই মিলিত শক্তির রূপ, তাই তারা ভাবতে শুরু করেন এই জগতের সব কিছুর চালনা, পালন ও সংহার সব কিছুই তাঁদের হাতে। ইন্দ্র, অগ্নি, পবন, বরুনদেবরা একেবারেই ভুলে গেছিলেন আদ্যাশক্তি মহামায়ার কৃপা ছাড়া এই যুদ্ধ জয়ের ক্ষমতা কারোরই ছিল না। ফলত দেবতারা হয়ে উঠলেন অহংকারী-প্রমত্ত। কোনো কোনো পুরাণ অনুসারে যক্ষ রূপে আবার কোথাও বালিকা রূপে দেবী আবির্ভুতা হয়ে একটি তৃণখন্ডকে নড়িয়ে দেখানোর জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। কিন্তু ইন্দ্রদেব, পবনদেব, অগ্নিদেব, বরুনদেব কেউই নিজ শক্তি দিয়ে সেই খণ্ডটিকে নড়াতে পারেননি। তখন মহামায়া দেবতাদের সামনে আবির্ভুতা হন জগদ্ধাত্রী রূপে। তিনি বুঝিয়ে দিলেন এই জগৎসংসারের একটি বস্তু তাঁর ইচ্ছে ছাড়া নড়তে পারে না। 


দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। উদিয়মান সূর্যের ন্যায় তাঁর গায়ের রং। সিংহের পদতলে রয়েছে হাতির মাথা। পুরাণ অনুসারে, দেবতাদের সব দম্ভ হাতির মাথায় বদ্ধ করে সেই মস্তক ছেদন করেন দেবী। হাতির অপর নাম করী, তাই নাম হয়েছে করীন্দ্রাসুর, যা হল মত্ততা, অহংকার ও দম্ভের প্রতীক। এই অহংকাররূপী হস্তীকে বধ করে দেবী জগতের ভারসাম্য রক্ষা করেছেন।