Calcutta Television Network

কী করে বুঝবেন আপনার ডিপ্রেশন এসেছে?

কী করে বুঝবেন আপনার ডিপ্রেশন এসেছে?
8 November 2026 • 03:23:06 pm

আমাদের অনেক সময়ই মন খারাপ হয়। কিন্তু মন খারাপ আর ডিপ্রেশন বিষয়টি এক নয়। আমাদের জীবনের নানা কারণে মাঝেমধ্যে মন খারাপ হওয়া স্বাভাবিক বিষয় । কিন্তু সেই মন খারাপ যদি দীর্ঘদিন ধরে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে সতর্ক হওয়া দরকার । ডিপ্রেশন বা অবসাদ এমন একটি মানসিক  সমস্যা, যা ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনা, অনুভূতি ও জীবনযাপনের ওপর প্রভাব ফেলতে থাকে।

এখন প্রশ্ন হলো কীভাবে বুঝবেন আপনি ডিপ্রেশনের শিকার হচ্ছেন? এর প্রথম লক্ষণ হলো, কোনও কিছুতেই আর আগের মতো আনন্দ পাচ্ছেন না । প্রিয় কাজ, গান, ঘুরতে যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো—কোনও কিছুই যেন ভালো লাগছে  না। সারাক্ষণ মন খারাপ থাকছে,  অকারণে কান্না পাচ্ছে , নিজেকে একা মনে হচ্ছে কিংবা আত্মবিশ্বাস কমে যাচ্ছে , এগুলি কিন্তু  এর লক্ষণ হতে পারে। এছাড়া ঘুমের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি, খিদে কমে যাওয়া বা বেড়ে যাওয়া, কাজে মনোযোগ দিতে অসুবিধা এবং নিজেকে মূল্যহীন মনে হওয়া, এই সমস্যা গুলোও কিন্তু দেখা দিতে পারে। 

তবে এটা মাথায় রাখতে হবে যে,  ডিপ্রেশন কোনও দুর্বলতা নয়, এর চিকিৎসা আছে । তাই নিজেকে দোষারোপ না করে পরিবারের কাছের মানুষদের সঙ্গে কথা বলুন এবং প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। দেখবেন আবারও জীবনে আনন্দ, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন ।