Calcutta Television Network

তমলুক শহরের বুকে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে মা বর্গভীমা

তমলুক শহরের বুকে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে মা বর্গভীমা
23 September 2026 • 06:49:44 pm

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার রূপনারায়ণ নদের তীর গল্প বলে বহু প্রাচীন ইতিহাসের। তমলুক বা তাম্রলিপ্ত ভারতের একটি প্রাচীন জনপদ ও শিল্প বন্দর। দেশ-বিদেশের বহু পরিব্রাজকের লেখায় এই জনপদের উল্লেখ আছে। আর এই প্রাচীন জনপদ, আজকের এই তমলুক শহরের বুকেই হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে মা বর্গভীমার মন্দির।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ৫১ সতীপীঠের অন্যতম পীঠ হিসেবে বর্গভীমার স্থান মাহাত্ম্য অপরিসীম। পুরাণ মতে, দক্ষযজ্ঞের পর মহাদেবের তাণ্ডব থামাতে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে দেবী সতীর দেহ খণ্ডিত হলে, এই তাম্রলিপ্তেই পড়েছিল তাঁর বাম পায়ের গোড়ালি। শুধু পৌরাণিক যুগেই নয়, মহাভারতেও এই অঞ্চলের উল্লেখ রয়েছে, পাণ্ডবপুত্র ভীম নাকি এই রাজ্য জয় করেছিলেন! মন্দির প্রতিষ্ঠার সঠিক সময় জানা না গেলেও, ঐতিহাসিক তথ্য বলে, আনুমানিক ৩০০০ বছর আগে ময়ূর রাজবংশের কোনো এক রাজা এই মন্দিরটি প্রথম নির্মাণ করেছিলেন। যদিও পরবর্তীকালে মুসলিম আগ্রাসনের সময় কালাপাহাড়ের হাতে এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়, তবে তাম্রলিপ্তের রাজপরিবার পরে তা পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার, এই ঐতিহাসিক স্থানটিকে একটি হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে।


এই মন্দিরের স্থাপত্যশৈলীতে ওড়িশা ও বঙ্গের সুন্দর মেলবন্ধন রয়েছে। প্রায় ৬০ ফুট উঁচু মূল মন্দিরটি তৈরি হয়েছে ওড়িশার কলিঙ্গ স্থাপত্যের ‘দেউল’ রীতির আদলে, আর তার ঠিক সামনেই রয়েছে বাংলার নিজস্ব ‘আটচালা’ রীতির নাটমন্দির। গর্ভগৃহে কষ্টিপাথরের এক বিশাল শিবলিঙ্গে, যার পাশেই খোদাই করা রয়েছে দেবী বর্গভীমার মূল মূর্তি। দেবী এখানে ‘উগ্রতারা’ ভীমা, ভৈরব সর্বানন্দ। চতুর্ভুজা এই দেবীর ডান হাত দুটিতে রয়েছে ত্রিশূল ও খড়্গ, আর বাঁ হাত দুটিতে অসুরমুণ্ড এবং নরকপাল। দেবী ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চার ‘বর্গ’ প্রদান করেন তাই তিনি ‘বর্গভীমা’।

এখানে দেবীকে  দেওয়া হয় আমিষ ভোগ ! প্রতিদিন অন্নভোগের সাথে শোল মাছের টক বা বিশেষ কোনও মাছের ভোগ নিবেদন করা হয়, যা পরম্পরা মেনে চলে আসছে। বিশেষ করে দুর্গোৎসব, কালীপূজা আর বাংলা নববর্ষের সময় মন্দির চত্বর ভরে ওঠে অগণিত ভক্তের ভিড়ে। কালীপূজার রাতে দেবীকে যখন রাজবেশে সাজানো হয়, তখন এক অপূর্ব মহাশক্তির রূপ প্রকাশ পায়।

ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই মন্দিরটি ভারতের স্বাধীনতা সংগ্রামেরও সাক্ষী বহন করে আসছে। পরাধীন ভারতের মুক্তিসংগ্রামে মেদিনীপুরের বহু সশস্ত্র বিপ্লবী, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন ক্ষুদিরাম বসু এবং মাতঙ্গিনী হাজরা নিয়মিত এই মন্দিরে আসতেন বলে জানা যায়। দেশে মুক্তির কামনায়, শক্তির প্রার্থনা করতেন তাঁরা। 


রূপনারায়ণের  হাওয়া আর মন্দিরের ধূপ-ধুনোর গন্ধ, সব মিলিয়ে প্রাচীন এই জনপদের পুণ্যভূমি বাংলার শাক্ত ইতিহাসের কাহিনী তৈরি করছে। আপনি যদি ইতিহাসপ্রেমী পর্যটক বা পুণ্যার্থী, সবার জন্যই মা বর্গভীমার মন্দির দর্শনীয় স্থান। ভক্তি, ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন যুগ যুগ ধরে বাংলার ঐতিহ্যকে সগৌরবে বহন করে চলেছে।