মানবসভ্যতার অগ্রগতিতে কাগজের অবদান অপরিসীম। জ্ঞান সংরক্ষণ, শিক্ষা বিস্তার, প্রশাসনিক কাজকর্ম এবং সাহিত্যচর্চায় কাগজ একটি অপরিহার্য উপাদান। তবে কাগজের আবিষ্কার একদিনে হয়নি; এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস ও ধারাবাহিক প্রচেষ্টা।
কাগজ আবিষ্কারের আগে মানুষ নানা উপায়ে তথ্য লিপিবদ্ধ করত। প্রাচীন মিশরে প্যাপিরাস গাছ থেকে তৈরি পাতায় লেখা হতো। মেসোপটেমিয়ায় কাদামাটির ফলকে খোদাই করে লেখা চালু ছিল। আবার চীনে বাঁশের পাত, কাঠের ফলক কিংবা রেশমের কাপড়ে লেখার প্রচলন ছিল। এসব উপকরণ ভারী, দামী বা সংরক্ষণে অসুবিধাজনক হওয়ায় একটি সহজ ও সাশ্রয়ী মাধ্যমের প্রয়োজন দেখা দেয়।
খ্রিস্টীয় প্রথম শতকে চীনে কাগজ তৈরির প্রকৃত সূচনা ঘটে। ইচীনে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে আধুনিক কাগজের পূর্বসুরির প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক খণ্ডবিশেষ পাওয়া যায়। মণ্ডের মাধ্যমে কাগজ তৈরির প্রক্রিয়ার উদ্ভাবক হিসাবে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর হান দরবারের খোজা ছাই লুনকে বিবেচনা করা হয়েছে। তিনি গাছের ছাল, পুরোনো কাপড়, মাছ ধরার জাল ও বাঁশ গুঁড়ো করে তা জলে ভিজিয়ে মণ্ড তৈরি করেন। পরে সেই মণ্ড চেপে শুকিয়ে পাতলা ও মসৃণ কাগজ তৈরি করা হয়। এই কাগজ ছিল হালকা, সস্তা এবং লেখার জন্য উপযোগী।
চীন থেকে এই প্রযুক্তি ৬ষ্ঠ শতাব্দীর দিকে কোরিয়া এবং পরে জাপানে ছড়িয়ে পড়ে। অষ্টম শতকে আরবরা চীনা বন্দিদের কাছ থেকে এই প্রযুক্তি শেখে এবং বাগদাদ, দামেস্কে কাগজকল স্থাপন করে। পরে ইউরোপে কাগজ তৈরির প্রসার ঘটে এবং মুদ্রণযন্ত্রের আবিষ্কারের সঙ্গে সঙ্গে কাগজের ব্যবহার বহুগুণ বেড়ে যায়।
সবশেষে বলা যায়, কাগজ তৈরির সূচনা মানবসভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। কাগজ জ্ঞানকে সহজলভ্য করেছে এবং সভ্যতার অগ্রগতিকে নতুন গতি দিয়েছে। আজও আধুনিক প্রযুক্তির যুগে কাগজ তার গুরুত্ব বজায় রেখেছে।
26 January 2026
•
06:04:50 pm