একটি বিবাহিত সম্পর্কের মূল ভিত হলো ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক সম্মান। এছাড়াও রয়েছে একে অপরকে সময় দেওয়া। কিন্তু বিয়ের কয়েক বছর পর অনেক সময় দেখা যায়, স্বামী যেন স্ত্রীর প্রতি ক্রমশ উদাসীন হয়ে পড়ছেন। আগের মতো কথা বলা নেই, খোঁজ নেওয়া নেই, একসঙ্গে সময় কাটানোর আগ্রহও কমে গিয়েছে। এমন পরিস্থিতিতে মন খারাপ না করে কিছু কৌশল অবলম্বন করুন।
প্রথমত, স্বামীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। তবে অভিযোগের সুরে নয়, বরং নিজের অনুভূতির কথা শান্তভাবে তাকে জানান। তাঁকে বোঝান যে তাঁর সামান্য সময় এবং মনোযোগ আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, সম্পর্কের মধ্যে একঘেয়েমি কাটানোর চেষ্টা করুন। দুজনে কোথাও বেড়াতে যাওয়া, একসঙ্গে পছন্দের সিনেমা দেখা কিংবা পুরোনো দিনের স্মৃতি রোমন্থন। এগুলো কিন্তু সম্পর্ককে নতুন করে প্রাণবন্ত করতে পারে।
তৃতীয়ত, নিজের ভালো লাগা, শখ এবং ব্যক্তিগত পরিচর্যার দিকেও ভালো করে মন দিন। নিজের বন্ধু, পরিবার ও পছন্দের কাজের সঙ্গে যুক্ত থাকুন। প্রয়োজনে দাম্পত্য কাউন্সেলিংয়ের সাহায্য নিতে পারেন । তবে মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখার সমস্ত দায়িত্ব কিন্তু একা আপনার নয়। সেইজন্য স্বামীকেও সমানভাবে উদ্যোগী হতে হবে। তাই অবশ্যই আত্মসম্মান বজায় রাখুন, কারণ আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনও সম্পর্ক টিকিয়ে রাখা উচিত নয়।