মুর্শিদাবাদের কিরীটেশ্বরী, উত্তর রাঢ়ের অন্যতম একদা গৌরবময় শক্তিসাধন পীঠ। নবাবের জেলা মুর্শিদাবাদের লালবাগ মহকুমার নবগ্রাম ব্লকের কিরীটকোনা গ্রামের মন্দিরটি আজও ভক্তি আর বিস্ময়ে টেনে নিয়ে যায় ইতিহাসপ্রেমী ও ভক্তদের। ২০২৩ সালে ভারত সরকারের পর্যটন মন্ত্রক এই পুণ্যভূমিকে ভারতের ‘সেরা পর্যটন গ্রাম’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় এর গৌরব আরও বেড়ে গেছে।
পীঠনির্ণয়তন্ত্র সহ একাধিক তন্ত্রগ্রন্থ ঘাটলে দেখা যায়, দক্ষযজ্ঞের পর সতী দেবীর দেহ কাঁধে নিয়ে মহাদেবের তাণ্ডব থামাতে ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্র চালান, তখন খণ্ডিত হয়ে দেবীর ‘কিরীট’ অর্থাৎ মুকুট এসে পড়েছিল এই মাটিতে। সেই থেকেই এই জায়গার নাম হয় ‘কিরীটকোনা’ আর দেবীর নাম ‘কিরীটেশ্বরী’। এখানে দেবী বিমলা আর ভৈরব সংবর্ত।
ইতিহাস ঘাঁটলে জানা যায়, হাজার বছরেরও বেশি পুরনো সেই আদি মন্দিরটি পঞ্চদশ শতকের শুরুতে কোনো এক সময় ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানের মন্দিরটি ঊনবিংশ শতকে পুনর্নির্মাণ করেছিলেন লালগোলার রাজা দর্পনারায়ণ রায়। পরবর্তীকালে নাটোরের রানি ভবানী এবং রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ও এই মন্দিরের সংস্কারে বড় ভূমিকা রেখেছিলেন।
মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবীর পিতলের মূর্তি, মুখের নিচ থেকে বাকি অংশ লাল কাপড়ে আবৃত শিলাকেই দেবীর রূপ হিসেবে পুজো করা হয়। প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীতে এই লাল কাপড়ের আবরণ বদলানো হয় এবং হয় দেবীর বিশেষ স্নান। মূল মন্দিরের কিছু দূরেই প্রস্তর নির্মিত সিদ্ধাসন রয়েছে, শোনা যায় ওই আসনেই সিদ্ধি লাভ করেছিলেন রানী ভবানীর পুত্র সাধক কবি রাজা রামকৃষ্ণ। স্থাপত্যের দিক থেকেও মন্দিরটি বেশ আলাদা, চারচালা রীতির পাশাপাশি এর গায়ে মুঘল ও ইউরোপীয় শৈলীর এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায়। মন্দির চত্বরটি ঘিরে রয়েছে ছোট-বড় ষোলোটি শিবমন্দির।
ইতিহাস বলে, বাংলার নবাব মীর জাফর যখন কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়েন, তখন তিনি নাকি মা কিরীটেশ্বরীর পবিত্র চরণামৃত পানের আকুল ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে, তৎকালীন নবাবী আমলেও হিন্দু-মুসলমানের ভেদাভেদ ছাড়িয়ে দেবীর প্রতি সবার এক গভীর শ্রদ্ধা ছিল।
প্রতি বছর বাংলা পৌষ মাসে ভাগীরথী নদীর তীরে প্রতি মঙ্গলবার ও শনিবার বসে ঐতিহ্যবাহী কিরীটেশ্বরী মেলা। আপনি যদি যেতে চান, তবে শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেনে বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ বা মুর্শিদাবাদ স্টেশনে নেমে টোটো বা গাড়িতে নদী পেরিয়ে ডাহাপাড়া স্টেশন থেকে মাত্র ৫ কিলোমিটার পথ পেরোলেই পৌঁছে যাবেন এই মন্দিরে।