মৃত্যুর পরে কি আবার কোনো দেহ প্রাণ ফিরে পায়? আপনি বলবেন, এ আবার হয় নাকি, বিজ্ঞানও আজগুবি বলে নাকচ করে দেবে এই গল্প। কিন্তু ভারতের এমন একটি মন্দির, যার কিংবদন্তিতে জড়িয়ে আছে এরমই এক গল্প। উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার জৌনসার-বাওয়ার অঞ্চলে অবস্থিত লাখামণ্ডল শিবমন্দির ঘিরে এরকমই গল্প শোনা যায়। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি তার প্রস্তর স্থাপত্য, প্রাচীন শিবলিঙ্গ এবং বিশেষ করে মহাভারতের কাহিনীর সাথে জড়িত থাকায়, সনাতন ধর্মের মানুষের কাছে বিশেষ ভাবে পরিচিত।
লাখামণ্ডল শব্দটির উৎপত্তি হয়েছে 'লাখা' অর্থাৎ এক লক্ষ এবং 'মন্ডল' অর্থাৎ শিবলিঙ্গ থেকে, কারণ এই অঞ্চলের মাটির নিচে এবং মন্দির প্রাঙ্গণে প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে বিভিন্ন আকৃতির অজস্র প্রাচীন শিবলিঙ্গ ও দেব-দেবীর মূর্তি উদ্ধার হয়েছে। মহাভারতের কাহিনীর সাথেও এই স্থানের একটি গভীর যোগসূত্র রয়েছে। দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার জন্য যে জতুগৃহ নির্মাণ করেছিলেন, লাখামন্ডলই হল সেই ঐতিহাসিক স্থান। কৌরবেরা পাণ্ডবদের মারার চক্রান্ত করলেও, পাণ্ডবেরা একটি গোপন সুড়ঙ্গের মাধ্যমে অক্ষত অবস্থায় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
স্থাপত্যের দিক থেকে এই মন্দিরটি প্রাচীন উত্তর ভারতীয় নাগর শৈলীতে, পাথরের সূক্ষ্ম খোদাইয়ের মাধ্যমে নির্মিত হয়েছে, যার মূল কাঠামোর গঠনশৈলী অনেকটাই বিখ্যাত কেদারনাথ মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। বর্তমানের মন্দিরটি দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত, কিন্তু এখানে পঞ্চম থেকে অষ্টম শতাব্দীর পুরানো কাঠামোরও প্রমাণ পাওয়া যায়। ষষ্ঠ শতাব্দীর একটি শিলালিপিতে পাওয়া যায় যে, সিংপুরা রাজবংশের রাজকুমারী ঈশ্বরা তাঁর স্বামী, জলন্ধরের রাজার পুত্র চন্দ্রগুপ্তের জন্য এটি নির্মাণ করেছিলেন। এই মন্দির চত্বরের অন্যতম মূল আকর্ষণ হল একটি বিশেষ গ্রাফাইট পাথরের তৈরি শিবলিঙ্গ। এই লিঙ্গের ওপর জল ঢাললে এটি আয়নার মতো চকচক করে ওঠে এবং এতে চারপাশের দৃশ্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
লিঙ্গ পুরাণ অনুসারে, এই মন্দিরে বিশ্বের প্রথম শিবলিঙ্গটি রয়েছে, যা ব্রহ্মা ও বিষ্ণুর দৈব সংঘর্ষ থেকে সৃষ্টি হয়েছিল। মূল মন্দিরের প্রবেশদ্বারে দুটি বিশালাকার পাথরের মূর্তি রয়েছে, যাদের স্থানীয়রা 'মানব' ও 'দানব' বলে থাকেন, যদিও প্রত্নতাত্ত্বিকদের মতে এই জোড়া মূর্তি দুটি আসলে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় ও বিজয়ের। এই জোড়া মূর্তিকে ঘিরে একটি অলৌকিক বিশ্বাস প্রচলিত আছে যে, বহু যুগ আগে মৃত মানুষকে এই মূর্তির মাঝে রাখা হলে, সেই দেহে কয়েক মুহূর্তের জন্য পুনরায় প্রাণ ফিরে আসে এবং শিবের উদ্দেশ্যে নিবেদিত জল তাঁর মুখে ঢেলে দেওয়া হয়। তারপর আত্মা দেহ ছেড়ে চলে যায়। বলা হয় পূর্ণ মোক্ষপ্রাপ্তি ঘটে এই তীর্থক্ষেত্রে। সব মিলিয়ে লাখামণ্ডল শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং ইতিহাস, পৌরাণিক রহস্য ও প্রাচীন ভারতীয় স্থাপত্যবিদ্যার নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে।