Calcutta Television Network

প্রবাসে মহাষ্টমী, সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে শিকড়ের খোঁজে

প্রবাসে মহাষ্টমী, সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে শিকড়ের খোঁজে
19 October 2026 • 05:22:50 pm

শরতের শিউলি মাখা সকাল, ঢাকের আওয়াজ আর নতুন জামার গন্ধ, বাঙালির মহাষ্টমী মানেই উৎসবের 'পিক টাইম।' কিন্তু দেশ থেকে হাজার হাজার মাইল দূরে, ব্যস্ততায় থাকা প্রবাসী বাঙালিদের কাছে এই দিনটির অনুভূতি কিন্তু অন্যরকম। লন্ডন হোক বা  নিউ ইয়র্কের টাইমস স্কয়ার কিংবা দূর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ভৌগোলিক দূরত্বটা হাজার হাজার মাইল হলেও, অষ্টমীর সকালে প্রবাসী বাঙালিদের মন ঠিকই ছুটে চলে সোজা বাংলায়, নিজের জেলায়, শহরে, গ্রামে। 


প্রবাসে দেশের মতো দুর্গাপূজার ছুটি থাকে না। তাই অনেক সময় তিথি মেনে পূজা করা সম্ভব না হলেও, সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেন উইকএন্ডের। সপ্তাহ শেষের ছুটির দিনেই জমে ওঠে তাদের মহাষ্টমীর আমেজ। ফরমাল ছেড়ে আলমারি থেকে বেরিয়ে আসে সাধের জামদানি, বালুচরী শাড়ি বা  ধুতি-পাঞ্জাবি। একপ্রকার সময়ের ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে প্রবাসীরা মেতে ওঠেন মহাষ্টমীর অঞ্জলিতে। অনেকে আবার টেকনোলজির হাত ধরে দেশের বাড়ির মানুষের সাথে ভিডিও কলে চলে মায়ের পায়ে অঞ্জলি দান। প্রবাসে পূজার আয়োজন হয় কোনো কমিউনিটি হলে বা কোনো স্কুলই হয়ে ওঠে পূজা মণ্ডপ। ফাইবারের প্রতিমা, সেই চেনা চেনা সুবাস, ধুনুচির গন্ধ আর ঢাকের আওয়াজে কিছুক্ষণের জন্য সকলেই ফিরে আসে বাংলায়। 


মণ্ডপের কমিউনিটি কিচেনে আইটি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরেরা সবাই মিলে রেঁধে ফেলেন অষ্টমীর ভোগ। চলে হই-হই, দেদার আড্ডা, অনুষ্ঠান, মজা। তবে শত আনন্দের মাঝেও কোথাও একটা নীরব শূন্যতা গ্রাস করে প্রবাসীদের। অষ্টমীর সন্ধ্যায় যখন ধুনুচি নাচ শুরু হয়, তখন মনে পড়ে যায় দেশের বাড়িতে ফেলে আসা বৃদ্ধ বাবা-মা আর ছোটবেলার বন্ধুদের কথা। আসলে কোথাও না কোথাও প্রবাসে মহাষ্টমী  শিকড়কে ছুঁয়ে থাকার। আসলে বাঙালি যেখানেই থাকুক না কেন, উৎসবের আবেগ আর মা দুর্গাকে কেউ তার থেকে কেড়ে নিতে পারে না।