Calcutta Television Network

কৃত্তিবাসী রামায়ণ ও পুরাণকথায় মা ভদ্রকালী, মহিরাবণ বধের কাহিনী

কৃত্তিবাসী রামায়ণ ও পুরাণকথায় মা ভদ্রকালী, মহিরাবণ বধের কাহিনী
4 November 2026 • 04:46:56 pm

কালিকাপুরাণ অনুযায়ী, দেবী ভদ্রকালীর গাত্রবর্ণ অতসী পুষ্পের ন্যায়, তিনি মুক্তকেশী, চোখ দুটি কোটরে। মাথায় জটা, কপালে অর্ধচন্দ্র। দেবীভাগবতেও উল্লেখ আছে দক্ষযজ্ঞ বিনাশ কালে রুদ্র দেবতার ক্রোধ থেকে বেরিয়ে আসেন বীরভদ্র আর দেবীর ক্রোধ থেকে প্রকাশিতা হন মা ভদ্রকালী। দেবী দুর্গাই মা ভদ্রকালীর আরেক স্বরূপ। শিবের জটা থেকে ভদ্রকালীর উৎপত্তি, তিনি শান্ত ও বরপ্রদায়িনী। দেবী সকলের মঙ্গল বিধান দেন। 

কুম্ভকর্ণের মৃত্যুর পরে, রাবণ তাঁর পুত্র, পাতালরাজ মহিরাবণকে যুদ্ধে পাঠান। মহিরাবণ ছিলেন পাতালে মা ভদ্রকালীর উপাসক। তিনি প্রতিজ্ঞা করলেন, রাম ও লক্ষণকে পাতালে ছলে-বলে নিয়ে এসে মায়ের সামনে বলি দেবেন। কিন্তু বিভীষণ সবটা জানতে পারলে সেই খবর পৌঁছায় শ্রীরামচন্দ্রের কাছে। বিশেষ একটি গড় বানিয়ে সেখানে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয় রাম-লক্ষণকে। কিন্তু মহিরাবণ ছল করে বিভীষণের ছদ্মবেশে, সকলের উপরে মায়াবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষণকে পাতালে নিয়ে যান। 

এরই মাঝে খবর পেয়ে হনুমান মাছির রূপ ধারণ করে পাতালে পৌঁছান। রামচন্দ্রের কানে কানে তিনি জানান, দেবীকে প্রণাম যেন না করেন উনি। ঘাড় নিচু করলেই মহিরাবণ বলি দেবে। সেই সময় মহিরাবণ শ্রীরামচন্দ্রকে দেবীকে প্রণামের কথা বললে, শ্রীরামচন্দ্র জানান, তিনি রাজার ছেলে তাই কখনো কাউকে প্রণাম করেননি। সেই সময় মহিরাবণ, কিভাবে প্রণাম করতে হয় দেখানোর জন্য মাথা ঝোকালেই, হনুমান পঞ্চমুখী স্বরূপে দেবীর সামনে মহিরাবণকেই বলি দেন। 

রাম-লক্ষণ ও হনুমানের মর্তে ফেরার সময় দেবী ভদ্রকালী আবির্ভুতা হয়ে জানান যে, মহিরাবণের মৃত্যুর পরে পাতালে তাঁর পূজা কে করবে? তখন রামের আদেশে হনুমান, মা-কে কাঁধে করে মর্তে নিয়ে আসেন। ভদ্রকালীই দেবী দুর্গার রূপ। তিনিই মহামায়া, গোটা বিশ্বপরিপালিকা।