Calcutta Television Network

কালের অতীত কালাতীত, কালীসাধনা ও নারীশক্তির অন্তহীন চেতনা

কালের অতীত কালাতীত, কালীসাধনা ও নারীশক্তির অন্তহীন চেতনা
7 November 2026 • 03:19:52 pm

দেবী কালিকা, তিনি করাল, লোল-জিহ্বা, শ্মশানবাসিনী। আদ্যাস্তবের একটি লাইনে বলা হচ্ছে 'কালিকা বঙ্গদেশে চ:' অর্থাৎ বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী কালী। আজ যে শ্যামার পূজা ঘরে ঘরে হয়, একটা সময়ে এই শ্যামা ছিলেন ভয়াল, অত্যন্ত গুহ্য। সাধারণের পূজ্য ছিলেন না তিনি। দেবী মূর্তি প্রচলনের বহু আগে, শিলা বা তাম্রটাটে কালীপূজা করতেন তান্ত্রিক সাধকরা। দেবীর এই করাল রূপকে সরলীকরণ করে সর্বজনপূজ্য করেন নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ। ঘটনাটি এরকম, ধ্যান অনুযায়ী দেবীর যে বর্ণনা খুবই ভয়াল, কৃষ্ণানন্দ বাবু চিন্তা শুরু করলেন মায়ের এই রূপকে সাধারণের সামনে কিভাবে প্রকাশ করবেন? সাত-পাঁচ ভেবে তিনি ঘুমাতে গেলেন। মাঝরাতে স্বপ্নে এলেন দেবী, বললেন, "সকালে উঠে তুই আমার রূপের প্রকাশ পেয়ে যাবি।"

তখন ভোর, ঘুম থেকে উঠেই বাইরে গেলেন আগমবাগীশ বাবু। সামনে দেখলেন এক কৃষ্ণাঙ্গী মহিলা ঘুঁটে দিচ্ছেন। ঘুঁটে দিতে দিতেই আগমবাগীশ বাবুকে দেখেই লজ্জায় জিভ কাটলেন সেই মেয়ে। হাত উপরের দিকে, ঠিক যেন খড়্গ হস্ত। দেবীর রূপের প্রকাশ হল।  শক্তির 

কালী, তিনি শুধু দেবী নন, তিনি অসীম শক্তি, চেতনা এবং দর্শন। আপাতদৃষ্টিতে তাঁর রূপকে ভয়ংকর মনে হলেও, এর গভীরে লুকিয়ে আছে মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের সত্য। সমসাময়িক সমাজে যেখানে নারী নিজের অধিকার ও আত্মপরিচয়ের জন্য লড়াই করছে, সেখানে দেবী কালীর এই রূপ ও দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক।

তাঁর কৃষ্ণবর্ণ রূপ আদি-অনন্তকে নির্দেশ করে। বিজ্ঞানের পরিভাষায় যেমন কৃষ্ণগহ্বর বা 'ব্ল্যাক হোল' সমস্ত আলোকে নিজের মধ্যে শোষণ করে নেয়, তেমনই মহাকালী সৃষ্টির আদি ও অন্তকে নিজের মধ্যে ধারণ করেন। তিনি কাল বা সময়ের অতীত, তাই তিনি কালাতীত। আবার তাঁর বহির্গত জিহ্বা ও দন্ত দংশনের রূপটি একাধারে লজ্জা এবং ক্রোধ দমনের প্রতীক। পুরাণ বলছ, রক্তবীজকে বিনাশ করার পর যখন তাঁর ক্রোধ ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল, তখন মহাদেব তাঁর পায়ে শায়িত হন। স্বামীর বুকে পা পড়তেই দেবীর সম্বিত ফেরে এবং তিনি লজ্জায় জিহ্বা দংশন করেন। সক্রিয় প্রকৃতির উপরে নিষ্ক্রিয় পুরুষ। 

একবিংশ শতাব্দীতে নারীশক্তির ক্ষমতায়নের সঙ্গে এই দর্শনের কিন্তু সুন্দর মিল আছে। কর্মক্ষেত্র থেকে মহাশূন্য, সর্বত্রই সে নিজের শক্তির প্রকাশ ঘটাচ্ছে। যখনই সমাজে নারীর ওপর অন্যায়, অত্যাচার বা লিঙ্গবৈষম্যের অসুর নেমে আসে, তখনই নারী-রা, মা কালীর মতই রুদ্রমূর্তি ধারণ করতে জানে। কালী যেভাবে অশুভ শক্তি নাশ করে সমাজকে কলুষমুক্ত করেছিলেন, নারীরাও তেমনই প্রতিবাদী চেতনায় সমস্ত সামাজিক কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। কালীপূজা বা কালীসাধনা শুধু আলোর উৎসব নয়, এটি দর্শন। প্রতিটি নারীর ভেতরের সুপ্ত শক্তি ও আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলার আরাধনা। মা নারী একদিকে যেমন স্নেহময়ী জননী, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে সে-ই সংহারক শক্তি।