Calcutta Television Network

'মরণের ওপারে' কী আছে? 'নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স' নিয়ে আজও রয়েছে বিতর্ক

'মরণের ওপারে' কী আছে? 'নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স' নিয়ে আজও রয়েছে বিতর্ক
13 November 2026 • 07:42:25 pm

মৃত্যুর ঠিক আগমুহূর্তে মানুষের অনুভূতি কেমন হয়? মৃত্যুর একদম কাছাকাছি থাকা বা সাময়িক মৃত্যুতে সেই ব্যক্তি ঠিক কী কী জিনিস অনুভব করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান ও আধ্যাত্ম দর্শনের সামনে উঠে আসে নানা বিস্ময়কর অভিজ্ঞতা, যাকে আমরা ‘নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স’ বলে জানি। ক্লিনিক্যালি মৃত ঘোষিত হওয়ার পর বা ভয়াবহ কোনো দুর্ঘটনার মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা অনেক মানুষই এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন।


নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের অভিজ্ঞতা ব্যক্তিভেদে ভিন্ন হলেও এর মধ্যে বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়। অনেকের মতে, এই সময় শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়ায় অদ্ভুত অনুভূতি হয়, যাকে ‘আউট অফ বডি এক্সপেরিয়েন্স’ বলা হয়ে থাকে। আবার অনেকেই দাবি করেন, তারা হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিজেদের নিথর দেহটিকে ওপর থেকে দেখতে পেয়েছেন এবং চিকিৎসক ও আত্মীয়দের কথাবার্তাও স্পষ্ট শুনেছেন। এছাড়া দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে স্নিগ্ধ আলোর উৎসের দিকে এগিয়ে যাওয়ার কথা প্রায়ই শোনা যায়। এই সময়  প্রশান্তি ও ভয়হীনতা মনকে আচ্ছন্ন করে রাখে। অনেকের চোখের সামনে গোটা জীবনের স্মৃতিগুলো সিনেমার দৃশ্যের মতো দ্রুত ভেসে ওঠে। কেউ কেউ আবার প্রয়াত প্রিয়জনদের সাথে দেখা হওয়ার কথাও উল্লেখ করেন বলে জানা যায়।

এই রহস্যময় অভিজ্ঞতার ব্যাখ্যা নিয়ে বিজ্ঞানী ও আধ্যাত্মবাদীদের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। আধ্যাত্মিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী, এটি আত্মার অমরত্ব এবং পরকালের অস্তিত্বের প্রমাণ। অন্যদিকে, আধুনিক  চিকিৎসাবিজ্ঞান এই অভিজ্ঞতাকে মস্তিষ্কের জৈবিক প্রক্রিয়ার ফলে ঘটে যাওয়া ক্লিনিক্যাল ঘটনা হিসেবেই ব্যাখ্যা দেয়। বিজ্ঞানীদের মতে, মৃত্যুর কাছাকাছি সময়ে মস্তিষ্কে অক্সিজেনের অভাব, যাকে চিকিৎসা বিজ্ঞান  হাইপোক্সিয়া বলে থাকে এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এ ধরণের হ্যালুসিনেশন তৈরি হতে পারে। এছাড়া,  মস্তিষ্ক থেকে এন্ডোরফিন ও ডোপামিনের মতো হরমোন নিঃসৃত হয়, যা শারীরিক সবধরণের ব্যথা কমিয়ে শরীরকে প্রশান্তির অনুভূতি দেয়। সুড়ঙ্গের শেষে আলো দেখার বিষয়টিকে চোখের রেটিনায় রক্তপ্রবাহ কমে যাওয়ার ফল হিসেবে ব্যাখ্যা করে মেডিকেল সায়েন্স।


বিজ্ঞান বা আধ্যাত্মিকতা-ব্যাখ্যা যাই হোক না কেন, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স কিন্তু মানুষের জীবনবোধকে গভীরভাবে বদলে দেয়। যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের অধিকাংশের মৃত্যুভয় কেটে যায়। তারা জীবনকে নতুন করে ভালোবাসতে শেখেন এবং পার্থিব লোভ-লালসার চেয়ে মানবিকতা ও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেন। তবে এই অভিজ্ঞতা আদৌ সত্যি নাকি সবটাই মনগড়া সেই ব্যাখ্যা আজ অব্দি কেউ কিন্তু দিতে পারেনি। তাই এই রহস্য আজও রহস্যই থেকে গেছে।