আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের বন্ধুত্ব তৈরি করতে কিন্তু কোনও বিশেষ কারণের প্রয়োজন হতো না। একসঙ্গে খেলতে খেলতে, গল্প করতে করতে কিংবা পাশাপাশি বসে টিফিন ভাগ করে খেতে খেতেই তৈরি হয়ে যেত গভীর বন্ধুত্ব। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই চেনা ছবিটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। একসময় যাদের ছাড়া একটা দিনও কাটত না, তাদের অনেকেই যেন জীবনের ব্যস্ততায় হারিয়ে যায়।
এর পিছনে কিছু বাস্তব কারণতো অবশ্যই রয়েছে । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। পড়াশোনা, চাকরি, সংসার, সন্তান, পরিবারের প্রতি কর্তব্য—সবকিছুর মধ্যে বন্ধুদের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় কর্মসূত্রে আলাদা শহরে চলে যেতে হয়, তখন দূরত্ব বেড়ে যায় এবং সেই সঙ্গে কমে যায় যোগাযোগও । তবে আর একটি কারণ হলো চিন্তাভাবনার পরিবর্তন। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেক বেশি বন্ধুর প্রয়োজন হয় না, বরং এমন কয়েকজন মানুষকে পাশে পেতে ইচ্ছে করে, যাঁদের কাছে মনের সব কথা নির্দ্বিধায় বলা যায়।
তবে বন্ধুর সংখ্যা কমে গেলেই যে জীবন থেকে বন্ধুত্ব হারিয়ে যায়, এমনটি কিন্তু নয়। জীবনে শত বন্ধু থাকার চেয়ে বিপদের দিনে একজন সত্যিকারের বন্ধুকে পাশে পাওয়া অনেক বেশি মূল্যবান। কারণ সময় বদলালেও এবং বয়স বাড়লেও, প্রকৃত বন্ধুত্ব কিন্তু পুরোনো হয় না।