দিল্লি বিস্ফোরণের সঙ্গে বর্তমানে ওতপ্রোতভাবে নাম জুড়েছে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের। তদন্তকারীদের সূত্রে ধরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এবার তেমনই এক তথ্য সামনে উঠে এল। ফরিদাবাদের আল ফাল...
দিল্লি বিস্ফোরণের সঙ্গে বর্তমানে ওতপ্রোতভাবে নাম জুড়েছে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের। তদন্তকারীদের সূত্রে ধরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এবার তেমনই এক তথ্য সামনে উঠে এল। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ২২ নম্বর ঘর থেকে উদ্ধার হল নগদ ১৮ লক্ষ টাকা। আর ঘটনাচক্রে এই ঘরটি বরাদ্দ করা ছিল দিল্লি বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত চিকিৎসক শাহীন সইদের নামে।
সূত্রের খবর, গত বৃহস্পতিবার শাহীনকে নিয়ে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে তল্লাশি করতে গিয়েছিলেন গোয়েন্দারা। ঘুরে দেখেছিলেন তাঁর ঘর, থাকার জায়গা। সেই সময়েই ২২ নম্বর ঘরে একটি ক্যাবিনেটের ভিতরে প্লাস্টিকে মোড়ানো নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। কিন্তু এই বিপুল টাকার উৎস কি তা এখনও জানা যায়নি। তবে এই টাকা সন্ত্রাসমূলক কাজের জন্যেই মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন গোয়েন্দারা।
প্রসঙ্গত, অভিযুক্ত চিকিৎসক শাহীন সইদ জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের মহিলা শাখার দায়িত্বে ছিলেন। তাঁর উপরেই ভারতে নাশকতা বৃদ্ধি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। শাহীন ছাড়াও বাকি যে অভিযুক্তদের নাম সামনে উঠে এসেছে তাঁদের মধ্যে অন্যতম হল চিকিৎসক উমর উন নবি। সে বিশ্ববিদ্যালয়ের ৪ এবং ১৩ নম্বর ঘরে থাকতেন। সেই ঘরেও তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা। উদ্ধার হয়েছিল একটি সাংকেতিক ভাষায় লেখা ডায়েরি। এছাড়াও আরও বহু নথি পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছে তদন্তকারীদের সূত্রে।