দেশজুড়ে একের পর এক বিমান বাতিলে যাত্রী পরিষেবা কার্যত বিঘ্নিত। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি ইন্ডিগোর! ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত যাত্রীরা তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন উড়ান সংস্...
দেশজুড়ে একের পর এক বিমান বাতিলে যাত্রী পরিষেবা কার্যত বিঘ্নিত। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি ইন্ডিগোর! ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত যাত্রীরা তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন উড়ান সংস্থার উপর। সেই একই ছবি শনিবারও। এদিনও বেশ কিছু বিমান পরপর বাতিল করা হয়েছে বলেই অভিযোগ। অথচ যাত্রীদের কোনও ভাড়া এখনও ফেরত দেওয়া হয়নি উড়ান সংস্থার তরফ থেকে। সূত্রের খবর, এই আবহে কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, 'যে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে রয়েছেন সেই সমস্ত বিমান যাত্রীদের টিকিটের টাকা ফেরাতে হবে ইন্ডিগোকে। রবিবার রাত ৮ টার মধ্যেই সেই টাকা ফেরত দিতে হবে উড়ান সংস্থাকে।'
গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চর্পযায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র! পিআইবি-এর তরফ থেকে সম্প্রতি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, 'অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু একটি নির্দেশ দিয়ে বলেছেন, ইন্ডিগোর কেন এমন সমস্যার সৃষ্টি হল? কেন এমন বিপর্যয়? সমস্ত কিছুর অনুসন্ধান করা দরকার। কেন, কী কারণে, এমন পরিস্থিতি তৈরি হল? ভুলটা কোথায়? কার গাফিলতি? সমস্ত কিছুই খতিয়ে দেখতে হবে। তারপরই প্রয়োজনে পদক্ষেপ নেবে কেন্দ্র। এমনকি ইন্ডিগো কর্তৃপক্ষকেও এর পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে হবে। সেটা যদি দরকার হয় তবেই।' এমনকি বিমান পরিষেবা সংক্রান্ত সমস্যার যোগাযোগের জন্য চালু করা হয়েছে কন্ট্রোলরুমের!
জানা গিয়েছে, যাত্রীরা আগেই অভিযোগ করেছিলেন, 'একদিকে বিমান পরিষেবার গন্ডগোল, তারই মধ্যে ওই উড়ান সংস্থার টিকিটের দাম কয়েকগুন বেড়ে গিয়েছে। শুধু তাই নয়। পর্যাপ্ত পরিমাণের খাবার, পানীয় জল এমনকি আশ্রয় ছাড়াই যাত্রীদের দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ টার্মিনালের মেঝেতে শুয়েই রাত কাটিয়েছেন। আদৌ বিমান কোন সময়ে ছাড়বে? তা এখনও স্পষ্ট নয়। এমনকি এই বিষয়ে বিমান সংস্থার তরফেও কিছু জানানো হয়নি।'