সদ্যই আপ ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন রাঘব-সহ দলের আরও ৭ সাংসদ। অন্যদিকে আম আদমি পার্টির গড় পঞ্জাবেও দলের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দকে...
সদ্যই আপ ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন রাঘব-সহ দলের আরও ৭ সাংসদ। অন্যদিকে আম আদমি পার্টির গড় পঞ্জাবেও দলের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দকে। এহেন পরিস্থিতি পঞ্জাবের আপ শিবিরে স্বস্তির খবর। সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতায় তারা বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়েছে বলে খবর সূত্রের।
১১৭ সদস্যের বিধানসভায় আম আদমি পার্টির সদস্য ৯৪ জন। বাকিদের মধ্যে ১৬ জন কংগ্রেস রয়েছে। এছাড়াও বিএসপি ও এসএডির একজন করে আছেন। সঙ্গে বিজেপির দুই বিধায়ক ও একজন নির্দল বিধায়কও রয়েছেন। এমতাবস্থায় আম আদমি পার্টির ১০ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭ জনের দল ছাড়ায় আস্থা ভোট নিয়ে একটা সংশয় ছিল। এ বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জোর দিয়ে বলেন, নেতিবাচক খবর ও গুজব ছড়িয়েছে রাজ্যসভার সদস্যদের দল ছাড়া নিয়ে। সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, 'শোনা যাচ্ছিল আপের ৪০ থেকে ৬৫ জন বিধায়ক নাকি দল ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদের সেই সমস্ত জল্পনা-কল্পনার আজ অবসান ঘটল।'
এই প্রসঙ্গে বলতেই হয়, গত মাসের শুরুর দিকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত করা হয়েছিল রাঘবকে। তখন থেকেই আপ সাংসদের দল পরিবর্তন করা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই সময় রাঘবের পদে যাকে বসানো হয়েছিল, সেই অশোক মিত্তলও পরে বিজেপিতে নাম লেখান। এই টালমাটাল পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, তাহলে কি পঞ্জাবেও শক্তি হারাচ্ছে আপ? তবে এবার আস্থা ভোটের জয় সেই অস্বস্তি কাটাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।