রাত পোহালেই ২০২৬ এর বিধানসভার ভোটগণনা। তার আগে ভিভি প্যাটের স্লিপ পাওয়া গেল রাস্তার ধারে! ভিভিপ্যাটের স্লিপ দেখার পরে জানা যায় এটি নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পৌরসভার ২৯ নম্বর বুথের স্লিপ। রবিবার...
রাত পোহালেই ২০২৬ এর বিধানসভার ভোটগণনা। তার আগে ভিভি প্যাটের স্লিপ পাওয়া গেল রাস্তার ধারে! ভিভিপ্যাটের স্লিপ দেখার পরে জানা যায় এটি নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পৌরসভার ২৯ নম্বর বুথের স্লিপ। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একজন দোকানদার দেখতে পান রাস্তার ধারে পড়ে রয়েছে বিপুল পরিমাণে ভিভি প্যাটের স্লিপ। খবর দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের মতন। স্থানীয় বহু মানুষজন জড়ো হন ঘটনাস্থলে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং নেতারা এসে জড়ো হন ওই ঘটনাস্থলে।
অধিকাংশ ভিভি প্যাটের স্লিপে দেখা যায় ভোট পড়েছে নোয়াপাড়ার বিধানসভার বাম প্রার্থী গার্গী চ্যাটার্জির নামে। পাশাপাশি কিছু রয়েছে বিজেপির অর্জুন সিং-এর স্লিপ এবং তৃণমূল প্রার্থী তৃনাঙ্কুর ভট্টাচার্যের স্লিপ। মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে।
বাম প্রার্থী গার্গী চ্যাটার্জি বলেন, 'এটাই নির্বাচন কমিশনের কাজ। ভোটের দিনেরই ভিভিপ্যাটের স্কিপ এগুলি। আমরা মিলিয়েছি।' কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়ে বলেন, 'আমি সর্বোচ্চ স্তরে যাব। দরকার হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।'
অর্জুন সিং বলেন, 'আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি। তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। এখানে এটা ধরা পড়েছে। সারা বাংলাজুড়ে এটি করেছে। পড়ে এই তৃণমূলই চ্যালেঞ্জ করে বলবে ভিভিপ্যাট যাচাই করা হোক। তখনই ভিভিপ্যাট না পাওয়া গেলে আওয়াজ তুলবে, সঠিক ভোট হয়নি।'
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নীলগঞ্জ ফাঁড়ির পুলিস। রাজনৈতিক দলের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য গণতন্ত্র যদি রাস্তায় পড়ে থাকে সেক্ষেত্রে এত কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে লাভ কি হল?