সিভি আনন্দ বোসের ইস্তফার পর আরএন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে মনোনীত করেছে কেন্দ্র। কিন্তু শুক্রবার রাজ্যের সেই নতুন রাজ্যপালকেই কটাক্ষ করলেন তামিলনাড়ুর ডিএমকে সাংসদ পি উইলসন। সমাজমাধ্যমে ...
সিভি আনন্দ বোসের ইস্তফার পর আরএন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে মনোনীত করেছে কেন্দ্র। কিন্তু শুক্রবার রাজ্যের সেই নতুন রাজ্যপালকেই কটাক্ষ করলেন তামিলনাড়ুর ডিএমকে সাংসদ পি উইলসন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, 'উনি যেখানেই যান, সেখানেই সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের মৃত্যু হয়।' একইসঙ্গে তাঁর আরও সংযোজন, 'পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূলে থাকা ভাল বন্ধুদের জন্য আমার খারাপ লাগছে।'
গতকাল, বৃস্পতিবার আচমকাই নিজের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। তার পরেই রাজ্যপাল পদে রবিকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। তবে আগত বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক পদের এই পরিবর্তন মোটেও সহজভাবে গ্রহণ করছে না রাজ্যের শাসক দল। গতকালই সমাজমাধ্যমে একটি দীর্ঘ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার আগে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে চার বছর দায়িত্ব সামলেছেন রবি। কিন্তু সেই চার বছরে স্ট্যালিনের সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছিলেন তিনি। সেই সংঘাতের জেরে কয়েক বছর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপালকে বরখাস্ত করার দাবিও জানিয়েছিল তামিলনাড়ু সরকার।
সেই সূত্র ধরেই রবিকে সমাজমাধ্যমে আক্রমণ করেন ডিএমকে সাংসদ। এমনকি তাঁর কার্যকলাপে তামিলনাড়ুতে বিজেপি ভাবনার প্রতিফলন ঘটত বলেও জানিয়েছেন তিনি। এই সূত্রেই তাঁর সংযোজন, 'এই ভেবে খারাপ লাগছে যে, আসন্ন নির্বাচনে ডিএমকে এক জন তারকা প্রচারককে হারাল।'