আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাঘব চড্ডাকে। এমনকি সমাজমাধ্যমেও জোর ধাক্কা খেয়েছেন জেন-জি প্রভাবী প্রাক্তন সাংসদ। একধাক্কায় ১০ লক্ষ ৩০ হাজারেরও বেশি অনুগামী হারিয়ে...
আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাঘব চড্ডাকে। এমনকি সমাজমাধ্যমেও জোর ধাক্কা খেয়েছেন জেন-জি প্রভাবী প্রাক্তন সাংসদ। একধাক্কায় ১০ লক্ষ ৩০ হাজারেরও বেশি অনুগামী হারিয়েছেন তিনি। এমতাবস্থায় ফের একবার দল বদলের ব্যাখ্যা দিলেন আপ প্রাক্তনী। তাঁর কথায়, আপ আর আগের মত নেই। বিষাক্ত হয়ে গিয়েছে। তবে রাঘবের এই বিবৃতি পুনরায় তাঁর জেন-জি ভক্তদের মন গলাতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
সোমবার নিজের সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রাঘব। সেখানে দাবি করেন, 'আপ আগের থেকে অনেক বদলে গিয়েছে। দলটি বিষাক্ত হয়ে গিয়েছে। এখানে কাজ করতে বাধা দেওয়া হয়। সংসদেও কথা বলতে দেওয়া হয়না।' সঙ্গে আরও একবার বলেন, 'জীবনের ১৫ বছর আপে বিনিয়োগ করেছি। আমি আমার ভবিষ্যৎ গড়তে রাজনীতিতে আসিনি। গত ১৫ বছর ধরে রক্ত, ঘাম দিয়ে দলের জন্য পরিশ্রম করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দলে নিজেকে বেমানান মনে হচ্ছিল।'
তাঁর এবং আপের আরও সাতজন সাংসদের দল ছাড়ার সিদ্ধান্ত কোনও 'বিচ্ছিন্ন' ঘটনা না বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'একসঙ্গে সাত জন আপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। একজন, দু'জন ভুল করতে পারেন। কিন্তু সাতজন ভুল করতে পারেন না।' তাঁর সংযোজন, 'আমরা ভয়ে দল ছাড়েনি। মোহভঙ্গ এবং বিতৃষ্ণার কারণে ছেড়েছি।'