কঠোর নিরাপত্তা বলয় ভেঙে সোজা দিল্লির বিধানসভা ভবনে ঢুকে পড়ল আস্ত গাড়ি। সোমবার দুপুরে ঘটনাকে কেন্দ্র তুমুল চাঞ্চল্য ছড়ায় বিধানসভা চত্বর জুড়ে। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়িটির নম্বরপ্লেট ছিল উত্তরপ্রদ...
কঠোর নিরাপত্তা বলয় ভেঙে সোজা দিল্লির বিধানসভা ভবনে ঢুকে পড়ল আস্ত গাড়ি। সোমবার দুপুরে ঘটনাকে কেন্দ্র তুমুল চাঞ্চল্য ছড়ায় বিধানসভা চত্বর জুড়ে। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়িটির নম্বরপ্লেট ছিল উত্তরপ্রদেশের। চালকের মুখে মাস্ক থাকায় তাঁকে শনাক্ত করা যায়নি। তবে কেন আচমকা বেষ্টনী ভেঙে গাড়িটি বিধানসভা চত্বরে প্রবেশ করেছিল তা এখনও জানা যায়নি। চালক মদ্যপ ছিলেন কিনা, তাও স্পষ্ট না।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম দিল্লির সচিবালয়ের এক আধিকারিকের উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছে, 'চালক বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের অফিসের দিকে এগিয়ে যান। স্পিকারের অফিসের বারান্দার কাছে তিনি একটি ফুলের তোড়া রেখে সেখান থেকে চলে যান।' তবে এই গোটা ঘটনায় বিধানসভার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন ওই চালককে সঠিক সময় ধরা গেল না, প্রশ্ন উঠছে তা নিয়েও।
সূত্রের খবর, এদিন দুপুর ২টো নাগাদ বিধানসভা চত্বরে প্রবেশ করে গাড়িটি। এরপর সেখানে মিনিট খানেক থাকার পরেই বেরিয়ে যান চালক। যদিও যুবকের উদ্দেশ্য যে সৎ ছিল না, তা তার হাবভাব দেখে আন্দাজ করা গিয়েছে বলে দাবি একাধিক সূত্রের। আজ দুপুরে এই ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। খতিয়ে দেখা হয় ফুলের তোড়াটিও। যদিও তদন্ত শেষে কোনও সন্দেহজনক কিছু মেলেনি বলেই খবর।