সদ্যই সংঘাতের হরমুজ পেরিয়ে নিরাপদে ভারতে এসে পৌঁছেছে তিনটি জ্বালানিবাহী জাহাজ। তবে এখনও অপেক্ষায় রয়েছে আরও বেশকিছু। এই অবস্থায় পশ্চিম এশিয়ার সংঘাত ও হরমুজ প্রণালী প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসি...
সদ্যই সংঘাতের হরমুজ পেরিয়ে নিরাপদে ভারতে এসে পৌঁছেছে তিনটি জ্বালানিবাহী জাহাজ। তবে এখনও অপেক্ষায় রয়েছে আরও বেশকিছু। এই অবস্থায় পশ্চিম এশিয়ার সংঘাত ও হরমুজ প্রণালী প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরমুজ দিয়ে নিরাপদে যাতায়াত ও পরিস্থিতি পুনরায় স্বাভাবিক করার ক্ষেত্রে দুই রাষ্ট্রনেতাই সম্মত হয়েছেন।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানান হয়েছে, পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি, ও সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি যৌথ ভাবে কাজ করতে সম্মত হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইরান যেভাবে আরবের উপর হামলা চালাচ্ছে, তারও নিন্দা করেছেন নরেন্দ্র মোদী।
মঙ্গলবার দুই রাষ্ট্রনেতার ফোনালাপের পর প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, তাঁর সঙ্গে আল নাহিয়ানের কথা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে ইদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। একইভাবে সংযুক্ত আরব আমিরশাহির উপরে ইরানের লাগাতার হামলা এবং তার ফলে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনার নিন্দা করেছেন মোদী। পাশাপাশি হরমুজ থেকে নৌ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও একমত হয়েছেন দুই নেতা। প্রসঙ্গত মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে দু'বার আল নাহিয়ানের সঙ্গে যোগাযোগ করলেন নরেন্দ্র মোদী।