আগামী এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গ-সহ দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২৫ লক্ষের বেশি কর্মচারী নিয়োগ করেছে জাতীয় নির্বাচন ...
আগামী এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গ-সহ দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২৫ লক্ষের বেশি কর্মচারী নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও। কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনে মোট ৮৩২টি বিধানসভা অঞ্চলের জন্য ১,১১১ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যাঁরা সরোজমিনে খতিয়ে দেখবেন গোটা ভোট পরিস্থিতি।
গত ১৫ মার্চ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরীর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। তখনই কমিশনের তরফে জানান হয়, এবার পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট হবে। যথাক্রমে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে। কমিশন সূত্রে জানান হয়েছে, ভোটমুখী চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট ভোটারের সংখ্যা প্রায় ১৭ কোটি ৪০ লক্ষের বেশি। মোট নিযুক্ত নির্বাচনী কর্মীর সংখ্যা ২৫ লক্ষের বেশি। অর্থাৎ প্রতি ৭০ জন ভোটারের জন্য এক জন করে কর্মী কমিশনের তরফে নিযুক্ত থাকবে। মূলত শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত ভোট করার লক্ষ্যেই এই ২৫ লক্ষাধিক কর্মী নিয়োগ করেছে কমিশন।
জানা গিয়েছে, ২৫ লক্ষ কর্মীদের মধ্যে রয়েছেন প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী, সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার, ৪৯ হাজার মাইক্রো অবজ়ার্ভার। এছাড়াও নির্ভুল গণনার জন্য আরও ১৫ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। ভোট সংক্রান্ত যে কোনও প্রয়োজনে ভোটারেরা বুথ স্তরের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। প্রায় ২ লক্ষ ১৮ হাজার বিএলও এই কাজে নিযুক্ত থাকবেন।