গত সোমবার দেশের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন বিচারপতি কান্ত। আজ, শনিবার নয়াদিল্লিতে 'অল ইন্ডিয়া জাজেস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে' যোগ দিয়েছেন তিনি। বিচারপতিদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আনুষ্ঠানিক স...
গত সোমবার দেশের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন বিচারপতি কান্ত। আজ, শনিবার নয়াদিল্লিতে 'অল ইন্ডিয়া জাজেস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে' যোগ দিয়েছেন তিনি। বিচারপতিদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়েছে তাঁর হাত দিয়ে। এই অবস্থায় ওই অনুষ্ঠানে পৌঁছে বিচারপতিদের মানসিক চাপের দিকে খেয়াল রেখে অভিনব মন্তব্য করেন তিনি। বলেন বিচারপতিদেরও রোজ প্রবল কাজের মধ্যে থেকে দিন যায়। তাই তাঁদেরও অবকাশ-বিনোদন প্রয়োজন।
জাজেস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে থেকে তিনি বলেন, 'বিচারপতিদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। কাজের ধরনও যথেষ্ট চাপের। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তাই প্রত্যেক বিচারপতির উচিত অবকাশযাপনমূলক কোনও কাজের সঙ্গে যুক্ত থাকা। এটা অভ্যাস করা দরকার। নিজেকে তাজা রাখতে বিনোদন প্রয়োজন বিচারপতিদের। একইসঙ্গে তিনি বয়সের দিক খেয়াল রেখে বিনোদন বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথানুযায়ী, 'এই প্রতিযোগিতায় (অল ইন্ডিয়া জাজেস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ) হাই কোর্টের অনেক বিচারপতিরা যোগ দিয়েছেন। এর থেকে বোঝা যায়, তাঁরা স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন।'
জানা যাচ্ছে, নয়াদিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে আগামী দুদিন ধরে এই প্রতিযোগিতা চলবে। আর এই প্রতিযোগিতা হবে কেবল বিচারপতিদের মধ্যেই। এদিন অনুষ্ঠানের শুভ সূচনায় প্রধান বিচারপতির পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও অন্যান্যরা। আগামীকাল, রবিবার এই প্রতিযোগিতার শেষ দিন।