মাসের পয়লা তারিখেই এক ধাক্কায় হাজার টাকা বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। যার জেরে কার্যত মাথায় হাত ছোট হোটেল ব্যবসায়ীদের। এমতাবস্থায় কেন্দ্রকে বিঁধে সমাজমাধ্যমে পোস্ট করলেন বিরোধী দলনেতা রাহু...
মাসের পয়লা তারিখেই এক ধাক্কায় হাজার টাকা বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। যার জেরে কার্যত মাথায় হাত ছোট হোটেল ব্যবসায়ীদের। এমতাবস্থায় কেন্দ্রকে বিঁধে সমাজমাধ্যমে পোস্ট করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিজেপির উদ্দেশে তাঁর দাবি, নির্বাচনের খরচ জোগাতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
নিজের এক্স মাধ্যমে পোস্ট করে রাহুল মন্তব্য করেন, 'আগেই বলেছিলাম ভোটের পরই মূল্যবৃদ্ধির কোপটা পড়বে। আজ বাণিজ্যিক গ্যাসের দাম ৯৯৩ টাকা বেড়ে গিয়েছে। এটাই ইতিহাসে একদিনে সর্বাধিক মূল্যবৃদ্ধি। এটাই তো ভোটের খরচের বিল।' তাঁর আরও সংযোজন, 'ফেব্রুয়ারি থেকে স্রেফ ৩ মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১ হাজার ৩৮০ টাকা। প্রায় ৮১ শতাংশ। এরপর চাওয়ালা, ধাবার মালিক, হোটেল, বেকারি, মিষ্টির দোকান, যেখানে যেখানে রান্না হয়, সব মালিকেরা সমস্যা পড়বেন। এটার প্রভাব পড়বে আমাদের খাবারের থালাতেও।'
রাহুলের সাফ 'ভবিষৎবাণী', প্রথম ধাক্কাটা এল গ্যাসের উপর। এরপর ধীরে ধীরে এই তালিকায় যোগ হবে পেট্রল ও ডিজেল। এমতাবস্থায় বিরোধী দলনেতার আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে ব্যাপক সমস্যায় পড়বে দেশের মধ্যবিত্ত সমাজ।