শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে হবে পুনর্নির্বাচন। রাজ্যের সিইও দফতরে চিঠি পাঠিয়ে আবার ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। জানা যাচ্ছে, পশ্চিম মগরাহাট বিধানসভা কেন্দ্রের ১১ট...
শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে হবে পুনর্নির্বাচন। রাজ্যের সিইও দফতরে চিঠি পাঠিয়ে আবার ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। জানা যাচ্ছে, পশ্চিম মগরাহাট বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৭টা থেকে ওই বুথ গুলোতে পুনর্নির্বাচন হবে বলে খবর কমিশন সূত্রে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
গত বুধবার দ্বিতীয় দফা ভোটগ্রহণ ছিল পশ্চিমবঙ্গের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। কিন্তু সেদিনই ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় পুনর্নির্বাচন করার আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কয়েক জন প্রার্থীর তরফে। এরপরেই পুনর্নির্বাচনের প্রয়োজন রয়েছে কি না, তা জানতে স্ক্রুটিনি করার সিধান্ত নেয় কমিশন। খোদ জ্ঞানেশ কুমার স্ক্রুটিনি পর্যবেক্ষণের দায়িত্ব দেন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। আজ সেই পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনির বিষয় খতিয়ে দেখে সুব্রত রিপোর্ট দেয় কমিশনকে। তারপরেই নতুন করে ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় জ্ঞানেশের দফতর। তবে ফলতায় কটি বুথে পুনর্নির্বাচন হবে তা এখনও পরিষ্কার করে জানায়নি কমিশন।
বলে রাখা ভালো, প্রথম থেকেই আলোচনার শীর্ষে ছিল এই ফলতা। সেখানেই গত বুধবার ১৭০ এবং ১৮৯ নম্বর বুথের ইভিএমে 'টেপ' লাগানো হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তা-ই নয়, ফলতায় পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনিতে কিছু চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। কমিশন সূত্রে খবর, ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। ইভিএমে টেপ লাগানো ছিল। এমন অভিযোগ ওঠা বুথগুলির দিকে বিশেষ নজর ছিল কমিশনের। এই অবস্থায় ফলতায় ক'টি 'স্পর্শকাতর' বুথে নতুন করে ভোট হবে তা আজ রাতের মধ্যেই জানা যাবে বলে মনে করা হচ্ছে।