মহিলাকে জোর করে বাসে তুলে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী শহরে। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বাসচালক ও কন্ডাক্টরকে। বাজেয়া...
মহিলাকে জোর করে বাসে তুলে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী শহরে। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বাসচালক ও কন্ডাক্টরকে। বাজেয়াপ্ত করা হয়েছে বাসটিও। শুরু হয়েছে তদন্ত।
পুলিস সূত্রে খবর, গত ১২ মে একটি বেসরকারি বাসে ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল। দীর্ঘ দু-ঘন্টা ধরে তাঁর উপর অত্যাচার হয়েছিল বলে অভিযোগ। এরপর চলন্ত বাস থেকে তাঁকে রাস্তায় ফেলে দিয়েছিল অভিযুক্তরা। এরপরেই গোটা ঘটনার বিবরণ দিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাসটিও।
প্রসঙ্গত, এই ঘটনায় ফের একবার সামনে উঠে এল ২০১২ সালের ১৬ ডিসেম্বরের ঘটনা। সেই দিনও এইভাবে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়েছিল ২৩ বছর বয়সী এক প্যারামেডিক্যাল ছাত্রীকে। তিনি সেই সময় বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন। অভিযুক্তদের মধ্যে ছিল এক নাবালকও। পরে রক্তাক্ত অবস্থায় যুবতীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছিল তাঁর। সেই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছিল। পরে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালে চার দোষীকে ফাঁসি দেওয়া হয়।