৮৯ বছর বয়সে বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র চিরবিদায় নিলেন। কয়েক দিন ধরেই তাঁর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়েছিল। পরিবার, স্ত্রী হেমা মালিনী ও কন্যা এষা দেওল বারবার এই গুজব খারিজ করেছেন। তবে সোমবার দু...
৮৯ বছর বয়সে বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র চিরবিদায় নিলেন। কয়েক দিন ধরেই তাঁর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়েছিল। পরিবার, স্ত্রী হেমা মালিনী ও কন্যা এষা দেওল বারবার এই গুজব খারিজ করেছেন। তবে সোমবার দুপুরে আচমকাই দেখা যায় একটি অ্যাম্বুলেন্স তাঁকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। ভিলে পার্লে শ্মশানে উপস্থিত ছিলেন হেমা মালিনী, এষা দেওল, সানি দেওল, ববি দেওল এবং অভিনেতা আমির খান। সাদা পোশাকে তাদের উপস্থিতি শোককে আরও গভীর করেছে। পরিচালক করণ জোহর অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ধর্মেন্দ্রকে গত ১০ নভেম্বর শ্বাসকষ্টজনিত কারণে মুম্বইয়ের ব্রেচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিলেন তিনি। ড. প্রফেসর প্রতীত সামদানি চিকিৎসার দায়িত্বে ছিলেন। পরে পরিবার সিদ্ধান্ত নেন, বাকি চিকিৎসা বাড়িতে করানো হবে।
ধর্মেন্দ্রের শেষকৃত্য সম্পন্ন হয়, মুখাগ্নি করেন বড় ছেলে সানি দেওল। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। এরপর বহু হিট ছবিতে কাজ করেছেন তিনি, বিশেষ করে ‘হি-ম্যান’ চরিত্রের জন্য বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। চলতি বছর চোখের অস্ত্রোপচারও হয়েছিল। সম্প্রতি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমে কাহানি’ ছবিতে দেখা গেছে তাঁকে।
ধর্মেন্দ্রের দীর্ঘ অভিনয়জীবন দর্শকদের মনে অমর হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পরিবার, বন্ধু এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বলিউডের এই কিংবদন্তি অভিনেতা 'হি-ম্যান' চিরস্মরণীয় হয়ে থাকবেন দর্শকদের হৃদয়ে।