এবার বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার শিকার দক্ষিণী তারকা থালাপতি বিজয়। রবিবার, মালয়েশিয়ায় ‘জননায়গান’ ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে চেন্নাই ফিরতেই অভিনেতাকে ঘিরে ধরে অসংখ্য অনুরাগী। চেন্নাই বিমানবন্দর থে...
এবার বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার শিকার দক্ষিণী তারকা থালাপতি বিজয়। রবিবার, মালয়েশিয়ায় ‘জননায়গান’ ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে চেন্নাই ফিরতেই অভিনেতাকে ঘিরে ধরে অসংখ্য অনুরাগী। চেন্নাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই নেমে আসে ভক্তদের ঢল। যার ফলে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় বিজয়ের নিরাপত্তা দলকে। অতিরিক্ত ভিড়ের চাপে একবার হোঁচটও খেতে দেখা যায় তাঁকে। ইতিমধ্যে, ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বেরোতেই বিজয় গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। আর ঠিক তখনই চারপাশ থেকে অসংখ্য ভক্তের ভিড় তাঁকে মৌমাছির মতো ছেঁকে ধরে। ভক্তদের একাংশ, বিজয়ের সামনে লাফিয়ে পড়ে, তাঁকে এক ঝলক দেখার জন্য। প্রচণ্ড চিৎকার ও ধাক্কাধাক্কির মধ্যেই, অভিনেতা গাড়ির দিকে এগিয়ে যান। তবে গাড়িতে ওঠার ঠিক আগে, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান বিজয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে তুলে কোনওক্রমে গাড়িতে তুলে দেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই অভিনেত্রী নিধি আগরওয়ালও ভক্তদের উন্মাদনার শিকার হন। হায়দ্রাবাদে ‘দ্য রাজা সাব’ ছবির গান প্রকাশ অনুষ্ঠানের পর বেরোনোর সময়, ভিড়ের চাপে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে অভিনেতা শিবাজি নিধির পোশাককে দায়ী করলে বিতর্ক তৈরি হয়। এর জবাবে নিধি ইনস্টাগ্রামে কড়া প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 'ভুক্তভোগীকে দোষ দেওয়া মানেই অন্যায়কে বৈধতা দেওয়া।'