বিপদকে যেন কোনোভাবেই পিছু ছাড়াতে পারছে না বলিউড। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শনিবারের গভীর রাতে পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে একের পর এক গুলি চলল। পুলিস সূত্রে খবর, পরপর নাকি চারবার গুলি চালানো হয়...
বিপদকে যেন কোনোভাবেই পিছু ছাড়াতে পারছে না বলিউড। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শনিবারের গভীর রাতে পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনে একের পর এক গুলি চলল। পুলিস সূত্রে খবর, পরপর নাকি চারবার গুলি চালানো হয়েছে। তবে, একাধিকবার গুলি চললেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিচালকের বাড়িতে এমন অঘটন ঘটা মাত্রই শুরু হয়েছে তদন্ত।
সপ্তাহের শেষে গভীর রাতে মুম্বইয়ের জুহু অঞ্চল যখন নিশ্চিন্তে ঘুমিয়ে তখন আচমকাই ঘটে গেল অভিনেতার বাড়িতে এমন অবাক করা কান্ড। জুহু এলাকায় এমন কান্ড ঘটে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। প্রসঙ্গত, এক ছবি শিকারির তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই তারকার বাড়িতে পৌঁছে যায় পুলিস। এই বিষয়ে পুলিস কর্মকর্তারা জানিয়েছেন, কোন কোন কারণে এই ঘটনা ঘটতে পারে তার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিসরা আরও জানায়, ঠিক কোন কারণে হামলা করা হয়েছে তার এখনও সঠিক কারণ জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করার জন্য এবং গুলিবর্ষণের ঘটনা শনাক্ত করার জন্য ঘটনাস্থলে রয়েছে ফরেনসিক দল ও পুলিস। এদিকে, আবার সংবাদমাধ্যমকে মুম্বই পুলিস কমিশনার জানিয়েছেন, রোহিত শেট্টীর বাড়িতে গুলিবর্ষণের মত অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তাঁরা অপরাধীদের ধরার জন্য সব দিকই খতিয়ে দেখছেন। বলাই বাহুল্য, মায়ানগরীতে এর আগে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। ২০২৪ সালের এক ভোরে সলমনের বাড়িতেও খানিক এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। সেই ঘটনার পরে অবশ্য কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্ণোইয়ের নেতৃত্বাধীন দল দুর্ঘটনার দায় স্বীকার করেছিল।