বাংলা সিনেমার প্রতি তাঁর অবদান অপরিসীম। সেই অবদানকে মাথায় রেখে এবার পদ্মশ্রী সম্মান পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। রবিবার সন্ধ্য়ায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বর...
বাংলা সিনেমার প্রতি তাঁর অবদান অপরিসীম। সেই অবদানকে মাথায় রেখে এবার পদ্মশ্রী সম্মান পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। রবিবার সন্ধ্য়ায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে রয়েছেন বাংলার প্রিয় বুম্বাদা। সরস্বতীপুজোর আগের দিনই মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি — ‘বিজয়নগরের হীরে’। চার বছর পরে বড়পর্দায় ফিরলেন ‘কাকাবাবু’। আবারও দর্শকদের মন ছুঁয়ে গেছেন কাকাবাবু প্রসেনজিৎ। সেই শুশির রেশ কাটতে না কাটতেই দিল্লি থেকে এল সুখবর।
১৯৬৮ সালে ক্যামেরার সামনে দাঁড়িয়ে শিশু শিল্পী হিসেবে ‘ছোট্ট জিজ্ঞাসা ’সিনেমায় অভিনয় করে অভিনয় জীবনের যে যাত্রা শুরু করেছিলেন, তা এখনও অব্যাহত। দুটি পাতায় প্রথম নায়ক হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করার পর কেয়িয়ারের গ্রাফ উত্তরোত্তর বেড়েছে। বানিজ্যিক সিনেমার পাশাপাশি বাংলা সিনেমার স্বার্থে ছেড়েছেন স্টারডাম। একের পর এক এমন চরিত্র করেছেন যা বাংলা সিনেমাকে আরও সমৃদ্ধ করেছে। যত দিন গেছে অভিনেতা হিসেবে নিজেকে যেমন পাকাপোক্ত করেছেন তেমন তামাম বাংলার মানুষের কাছে হয়ে উঠেছেন‘মনের মানুষ ’বুম্বাদা।
তবে শুধু নিজের ক্যারিয়ার নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তিনি নিবেদিত প্রাণ। টলিউড যখনই কোনও ঝড়ের সম্মুখিন হয়েছে, সেই ঝড় বুক দিয়ে আগলেছেন প্রসেনজিৎ। টলিউডের সিনেমার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের আপদে বিপদে পাশে থাকার চেষ্টা করেছেন সবসময়।
এর আগে বাংলা থেকে অনেকেই এই সম্মানে ভূষিত হয়েছেন। তবে এবার খোদ ইন্ডাস্ট্রির মুকুটে এল নতুন পালক। পশ্চিমবাংলা থেকে আর্ট এবং কালচারের জন্য পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সোমবার সাধারণতন্ত্র দিবস, মূলত তার আগের দিনই ঘোষণা করা হল ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকা। সাহিত্য, শিল্প, খেলা, চিকিৎসা, কৃষিকাজ নানা ক্ষেত্রের মানুষই পাচ্ছেন পদ্ম সম্মান। সারা দেশ থেকে আরে মোট ১৩১ জনের নাম রয়েছে তালিকায়।গত বছর এই সম্মান পেয়েছেন অরিজিৎ সিংহ, মমতাশঙ্কররা। যদিও পদ্ম বিভূষণ ও পদ্মভূষণের তালিকায় এ বার বাংলা থেকে কারও নাম নেই।২০২৬ সালে শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, তবলাবাদক কুমার বসু, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য। শিক্ষা ও সাহিত্য থেকে পেয়েছেন শ্রী অশোক কুমার হালদার, এছাড়াও গম্ভীর সিংহ ইয়নজন, মহেন্দ্রনাথ রায় ও রবিলাল টুডু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পাচ্ছেন হৃদ্রোগের চিকিৎসক সরোজ মণ্ডল।
কেরিয়ারের শুরুর সময় থেকে বলিউডে প্রস্তাব পেয়েছিলেন প্রসেনজিৎ কিন্তু বাংলা ছেড়ে যেতে চাননি কোনওদিন। তাই তাঁর অভিনয়ের এই দীর্ঘ সফরে বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করছেন তিনি। তাই তো বাংলা সিনেমার আবেগ এর আরেক নাম বুম্বাদা। তাই প্রসেনজিৎ-এর পদ্মশ্রী পাওয়ায় খবরে খুশির হাওয়া টলিউড সহ গোটা বাংলায়।