এবার কুয়েতে ভয়াবহ ড্রোন হামলা। রবিবার ভোরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানির ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর। পাশাপাশি, লেবাননের রাজধানী বেইরুটে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হা...
এবার কুয়েতে ভয়াবহ ড্রোন হামলা। রবিবার ভোরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানির ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর। পাশাপাশি, লেবাননের রাজধানী বেইরুটে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। সেই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ হয়। যাত্রীদের এবং ক্রু মেম্বারদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তড়িঘড়ি সমস্ত বিমানের উড়ান ও অবতরণ বাতিল ঘোষণা করা হয়। অনির্দিষ্টকালের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব বিমান চলাচল বন্ধের ঘোষণা করে আমিরশাহির বিমান সংস্থা এমিরেটস। যদিও এর খানিকক্ষণ পরেই বিমান পরিষেবা সাময়িকভাবে শুরু হয়। এরপর কুয়েত বিমানবন্দরের ফুয়েল ট্যাঙ্ককে নিশানা করে হামলা চালানো হয়। হামলা চালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আবার সৌদি আরব তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আকাশেই ১৫টি ড্রোন ধ্বংস করে দিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, এই ড্রোনগুলো শহরের ভিতরে ঢুকলে বড়সড় ধরনের ক্ষতি হতে পারত।
লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার জন্য গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়েছিলেন। জানিয়েছিলেন, কাউকে আক্রমণ করা তাঁদের লক্ষ্য নয়। প্রতিবেশী দেশ থেকে তাঁদের উপর হামলা না হলে, তাঁরাও আর ক্ষেপণাস্ত্র ছুড়বেন না। সেই নিয়ে তাঁকে বিদ্রুপ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ‘হেরো’ ঘোষণা করেন তিনি। পাশাপাশি, আরও জোরাল হামলার হুমকি দেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইজরায়েল। লাগাতার মিসাইল ছোড়া হয় তেহরানের একাধিক জায়গায়। আমেরিকা যে এই হামলায় মদত দিয়েছে, তাও স্পষ্ট। তাতে প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন। শনিবার তিনি তাঁর দপ্তরে কাজ করছিলেন। সেই সময়েই আমেরিকা-ইজরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার।