বাংলাদেশে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। সূত্রের খবর যাত্রী বোঝাই ওই বাসের প্রায় অর্ধেকেরই মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।...
বাংলাদেশে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। সূত্রের খবর যাত্রী বোঝাই ওই বাসের প্রায় অর্ধেকেরই মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালান হচ্ছে। উদ্ধার হওয়া দেহগুলোর মধ্যে ১৩ জন মহিলা ও ৫ শিশু রয়েছে বলেও খবর।
প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। সেই সময়েই রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। ফেরি করে পদ্মা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল বাসটি। কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। জেটি থেকে গড়িয়ে সোজা নদীতে পড়ে যায় বাসটি। সেই সময় ওই বাসের মধ্যেই যাত্রীরা বসেছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমাণ।
অন্যদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। দ্রুত তদন্ত করে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। পাশাপাশি নিহতদের পরিবারকে প্রাথমিক ভাবে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তারপরেই দ্রুত ডুবুরি নামিয়ে নদী থেকে দেহ উদ্ধারের কাজ শুরু হয়। পরে দীর্ঘ চেষ্টার পর নদীর ৬০ ফুট গভীর থেকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় বাসটিও।