এবার বাহরিনের বাপকো তৈল পরিশোধানাগারে ড্রোন হামলা ইরানের। আজ অর্থাৎ সোমবার সকাল থেকে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাহরিন সরকার এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেনি। তবে এর আগে সিত্রা এলাকায় ড্রোন হামলা...
এবার বাহরিনের বাপকো তৈল পরিশোধানাগারে ড্রোন হামলা ইরানের। আজ অর্থাৎ সোমবার সকাল থেকে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাহরিন সরকার এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেনি। তবে এর আগে সিত্রা এলাকায় ড্রোন হামলার কথা জানানো হয়েছিল। সেখানে বেশ কয়েক জন আহতও হন।
পাশাপাশি, ইরাকে দু’টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। রয়টার্স নিরাপত্তাবাহিনীর সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে সি-র্যাম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু রকেট এবং ড্রোন প্রতিহত করেছে।
অন্যদিকে, সৌদি আরবের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যুদ্ধের শুরু থেকেই হামলা চালিয়ে আসছে ইরান। রবিবার সৌদি আরবের সিভিল ডিফেন্সের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল,'আল-খার্জ শহরের একটি আবাসিক এলাকায় মিসাইল হামলা করা হয়েছে। সেখানে রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোম্পানির কম্পাউন্ড ছিল। সেখানেই মিসাইল হামলায় দু’জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইজরায়েল। লাগাতার মিসাইল ছোড়া হয় তেহরানের একাধিক জায়গায়। আমেরিকা যে এই হামলায় মদত দিয়েছে, তাও স্পষ্ট। তাতে প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন। শনিবার তিনি তাঁর দপ্তরে কাজ করছিলেন। সেই সময়েই আমেরিকা-ইজরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার।