এবার ফের একবার আমেরিকাকে আগাম হুঁশিয়ারি দিল ইরান। নতুন করে সামরিক হামলার চেষ্টা হলে সমস্ত মার্কিন রণতরী ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিল তেহরান। পাশাপাশি তাদের আরও দাবি, পরিস্থিতি গোলমেলে হচ্ছে আভাস ...
এবার ফের একবার আমেরিকাকে আগাম হুঁশিয়ারি দিল ইরান। নতুন করে সামরিক হামলার চেষ্টা হলে সমস্ত মার্কিন রণতরী ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিল তেহরান। পাশাপাশি তাদের আরও দাবি, পরিস্থিতি গোলমেলে হচ্ছে আভাস পেলেই এবার 'রেজিসট্যান্স ফ্রন্ট'-কে কাজে লাগবে তারা। পশ্চিম এশিয়ায় ইরান সমর্থিত এই সশস্ত্র বাহিনীর দাপট যথেষ্ঠ রয়েছে বলেও শোনা যাচ্ছে একাধিক সূত্র মারফত।
ইরানের এক সরকারি আধিকারিকের কথায়, 'আমেরিকা যদি কোনও রকম হামলার পথে যাওয়ার পরিকল্পনা করে, তা হলে এ বার রেজিসট্যান্স ফোর্স-কে কাজে লাগাতে আমরা একবারও ভাবব না।' তাঁর আরও সংযোজন, 'ওরা হিসাবে একটু ভুলচুক করলেই ওদের জন্য বিপদ হতে পারে। সমুদ্রে আমেরিকার যত জাহাজ এবং রণতরী আছে, সেগুলিকে বাঁচাতে পারবে না ওরা।' প্রসঙ্গত, সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে আমেরিকাকে তিনদফা দাবি জানিয়েছে ইরান। যার মধ্যে অন্যতম হল পরমাণু কর্মসূচি এবং হরমুজ। এই দুটি বিষয়কে বাদ দিয়ে আমেরিকা যদি আলোচনায় বসতে চায়, তা হলে তারা রাজি। যদিও ইরানের সেই প্রস্তাব না-পসন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
অন্যদিকে আমেরিকাও যে হাত গুটিয়ে রাখার পাত্র না, তা মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কিছুটা স্পষ্ট হয়েছে। দুই দেশের বৈঠক ব্যর্থ হলে আমেরিকা যে বড় পদক্ষেপ করতে পারে, তার ইঙ্গিত দিয়েছেন রুবিয়ো। শুধু তা-ই নয়, তিনি এটাও জানিয়েছেন, এ রকম পরিস্থিতি হলে, বাকি সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কোন দিকে বাঁক নেবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ।