ক্রমেই শারীরিক অবস্থার অবনতি ঘটছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার। হাসপাতাল সূত্রে খবর, একাধিক জটিল রোগে জর্জরিত হয়ে পড়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দেওয়ার চেষ্টা করলেও ত...
ক্রমেই শারীরিক অবস্থার অবনতি ঘটছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার। হাসপাতাল সূত্রে খবর, একাধিক জটিল রোগে জর্জরিত হয়ে পড়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দেওয়ার চেষ্টা করলেও তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এই অবস্থায় মায়ের পাশে দাঁড়াতে দেশে ফিরতে উদগ্রীব হয়ে পড়েছেন খালেদা পুত্র তারেক রহমান। তবে সেক্ষেত্রে একাধিক জটিলতা রয়েছে জানিয়ে নিজেই সে কথা সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি। লিখেছেন, 'এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোন সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।'
গত ২৩ নভেম্বর একাধিক শারীরিক জটিলতা নিয়ে ঢাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অশীতিপর নেত্রী খালেদা জিয়া। ডায়াবেটিক, কিডনি-জনিত সমস্যা, ফুসফুস, চোখ সহ একাধিক সমস্যায় ভুগছেন তিনি। সেই সঙ্গেই নতুন করে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিয়েছে তাঁর। এই পরিস্থিতিতে খালেদা জিয়াকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর সূত্রের। গতকাল, শুক্রবার বিএনপি নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ জুড়ে প্রার্থনার আয়োজন করেছিল তাঁর দল। এছাড়াও সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করেছেন।
বিএনপি সূত্রে জানা গিয়েছে বর্তমানে নেত্রীর অবস্থা আরও সংকটজনক। প্রার্থনাই একমাত্র সম্বল। কিন্তু মা'কে দেখতে উদগ্রীব হয়ে পড়েছেন খালেদা পুত্র তারেক রহমান। মায়ের পাশে দাঁড়াতে লন্ডন থেকে দেশে ফেরার ইচ্ছে থাকলেও সেই পথে বাধা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে সমাজমাধ্যমে খালেদার আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞ হয়ে তিনি জানিয়েছেন, 'সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।'