এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি 'শত্রুতার' রাস্তা থেকে সরে সামরিক যুদ্ধ দ্রুত বন্ধ করা উচিত বলেও বার্তা দিয়েছে...
এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি 'শত্রুতার' রাস্তা থেকে সরে সামরিক যুদ্ধ দ্রুত বন্ধ করা উচিত বলেও বার্তা দিয়েছেন তিনি। নাম উল্লেখ না করলেও ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধেই যে তিনি বার্তা দিতে চেয়েছেন তা একপ্রকার স্পষ্ট হয়েছে তাঁর কথা থেকেই।
ইরানের এক সংবাদমাধ্যম সূত্রে দাবি, শুক্রবার (স্থানীয় সময় অনুযায়ী) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ হয়েছে প্রেসিডেন্ট পুতিনের। ইরানের উপর আমেরিকা-ইজরায়েলের সামরিক হামলায় উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। এরপরেই সামরিক সংঘাতে জড়িয়ে পড়া দেশগুলির উদ্দেশে পুতিন বলেন, 'শত্রুতা' থেকে সরে দাঁড়িয়ে সংঘাত বন্ধ করা উচিত। অন্যদিকে সংঘাত পরিস্থিতিতে ইরানের পাশে থেকে বার্তা দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়েছে তেহরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
উল্লেখ্য, ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে লড়তে ইরানকে রাশিয়া সাহায্য করছে বলে সম্প্রতি দাবি তোলা হয়েছে এক মার্কিন প্রতিবেদনে। ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। মস্কোর সাহায্য ছাড়া তেহরান এই যুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারত না বলেও দাবি করা হয়েছে। যদিও এই বিষয়ে পাল্টা কোন প্রতিক্রিয়া মেলেনি রাশিয়ার তরফে।