শুক্রবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে ২১২টি আসনেই জয় হয়েছে ধানের শীষ শিবিরের। এই অবস্থায় ক্ষমতায় ফিরেই বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিকভাবে শক্ত করাই মূল লক্ষ্য হতে চলে...
শুক্রবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে ২১২টি আসনেই জয় হয়েছে ধানের শীষ শিবিরের। এই অবস্থায় ক্ষমতায় ফিরেই বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিকভাবে শক্ত করাই মূল লক্ষ্য হতে চলেছে বিএনপির। আজ সাংবাদিক বৈঠক থেকেও তেমনই ইঙ্গিত দিলেন বিএনপি প্রধান তারেক রহমান। একইসঙ্গে দেশ গড়তে সবার ঐক্যবদ্ধতা জরুরি বলেও জানালেন তিনি। পাশাপাশি বিদেশনীতি প্রসঙ্গেও তারেক জানান, 'কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে বাংলাদেশ। কারও প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করব না।'
বস্তুত হাসিনা সরকারের বিলুপ্তির পর বাংলাদেশে ক্ষমতার মসনদে বসেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেই সময় হিংসা, সংখ্যালঘু অত্যাচার, খুন, নারী নির্যাতন-সহ একাধিক ঘটনা ঘটেছে সেখানে। এমনকি ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে খাতিরও জমিয়েছিল অন্তর্বর্তী সরকার। উদ্ভুত এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিক বৈঠক থেকে তারেক বলেন, 'বাংলাদেশ তার কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে এবং কারও প্রতি কোনও পক্ষপাতিত্ব করব না। দেশের স্বার্থই সবার আগে। প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হবে।'
এছাড়াও এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরানোর ইস্যু নিয়েও মুখ খোলেন তারেক। ২০২৪ -এর জুলাই আন্দোলনের পর থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। তাঁকে একাধিকবার দেশে ফেরানোর আর্জি জানিয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। যদিও সেই চিঠির জবাব দেয়নি নয়া দিল্লি। যা নিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে চিড় ধরে। এই অবস্থায় বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই নীতি নিয়েই এগোবেন বলে ইঙ্গিত দিলেন তারেক। তিনি বলেন, 'আইন সকলের জন্য সমান। ফলে আইন তার নিজের মতো কাজ করবে।'