যুদ্ধ শেষ করতে চায় আমেরিকা! এই মর্মেই ফের ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল মার্কিন প্রেসিডেন্টের দফতর। সেই সঙ্গেই ট্রাম্পের মন্তব্য, 'ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবের জবাব তেহরানের কাছ থেকে আজ (শনিবার) র...
যুদ্ধ শেষ করতে চায় আমেরিকা! এই মর্মেই ফের ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল মার্কিন প্রেসিডেন্টের দফতর। সেই সঙ্গেই ট্রাম্পের মন্তব্য, 'ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবের জবাব তেহরানের কাছ থেকে আজ (শনিবার) রাতের মধ্যেই আশা করছি।' এমতাবস্থায় প্রশ্ন উঠছে ট্রাম্পের আশা পূরণে কি সক্ষম হবে ইরান? নাকি নিজের মন মতোই এগিয়ে যাবে তারা?
এর আগে গত ৭ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি হয়। তারপর থেকে দুই দেশের কেউই তেমন বড় কোনও সংঘর্ষে জড়ায়নি। তবে হরমুজ নিয়ে জটিলতা ছিলই। এমতাবস্থায় শুক্রবার আমেরিকা এবং ইরান পরস্পরের বিরুদ্ধে হরমুজে পণ্যবাহী জাহাজে গুলি চালানোর অভিযোগ তুলেছে। ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আমেরিকা যদি তাদের জাহাজে হস্তক্ষেপ করে, তা হলে হরমুজ প্রণালী ও তার আশপাশে নতুন করে হামলা শুরু করবে তারা।
এমতাবস্থায় ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব কতটা কার্যকর হবে তা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। জানা যাচ্ছে, আমেরিকার পাঠান নতুন চুক্তিটি এক পাতার ১৪ দফা সমঝোতা স্মারক। যেখানে যুদ্ধবিরতির স্বার্থে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। আমেরিকার পরিকল্পনা অনুযায়ী, ইরান পরমাণু সমৃদ্ধকরণ সাময়িক ভাবে বন্ধ রাখতে পারে। জবাবে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিতে এবং বাজেয়াপ্ত করা কয়েকশো কোটি ডলার 'মুক্ত' করতে পারে। পাশাপাশি উভয় পক্ষ হরমুজ প্রনালীতেও ছাড় দেবে প্রস্তাবে জানান হয়েছে।