ফের নতুন করে সংঘর্ষে জড়ালো আফগানিস্তান-পাকিস্তান। অন্তর্বর্তী সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক ফৌজ সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে বলে মঙ্গলবার অভিযোগ তুলল তালিবান সরকার। তাদের অভিযোগ, পাক সেনার অতর্কিত...
ফের নতুন করে সংঘর্ষে জড়ালো আফগানিস্তান-পাকিস্তান। অন্তর্বর্তী সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক ফৌজ সীমান্তে গোলাবর্ষণ শুরু করেছে বলে মঙ্গলবার অভিযোগ তুলল তালিবান সরকার। তাদের অভিযোগ, পাক সেনার অতর্কিত বোমা হামলায় সীমান্তবর্তী কুনার বিশ্ববিদ্যালয়ে একাধিক পড়ুয়া ও শিক্ষক নিহত হয়েছে।
অন্যদিকে এই বিষয়ে পাক সেনার তরফে সরাসরি কোনও মন্তব্য করা না হলেও, তাদের দাবি, তালিবানের হামলায় খাইবার-পাখতুনখোয়া প্রদেশে তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত এক বছরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে এই দুই দেশ। একাধিকবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা হলেও শেষপর্যন্ত কোনও ফলপ্রসূ উত্তর মেলেনি। এমতাবস্থায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান-সহ জঙ্গি গোষ্ঠীগুলি আফগান তালিবানের একাংশের মদতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নাঙ্গরহর এবং পকতিকা প্রদেশের কয়েকটি জায়গায় হামলা চালিয়েছিল পাকিস্তান। যার জেরে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। অন্যদিকে পাক সেনার দাবি, আফগানিস্তানে সক্রিয় টিটিপি জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দিতেই হামলা চালিয়েছিল তারা। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে নিরীহ গ্রামবাসীদের হত্যার অভিযোগ তোলে ইসলামাবাদের বিরুদ্ধে। এরপর থেকেই একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে ডুরান্ড লাইন।