পিছু ছাড়ছে না কালো পতাকা আর বিক্ষোভ। সোমবার কালীঘাট দর্শনের পর মঙ্গলবার বেলুড় মঠে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে কিছুক্ষন সময় কাটিয়ে মন্দির দর্শন করে রওনা হন দক্ষিণেশ্বরের ভবতারিণী ...
পিছু ছাড়ছে না কালো পতাকা আর বিক্ষোভ। সোমবার কালীঘাট দর্শনের পর মঙ্গলবার বেলুড় মঠে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে কিছুক্ষন সময় কাটিয়ে মন্দির দর্শন করে রওনা হন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে। আজ সেখানেও জ্ঞানেশকে দেখে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে রাজ্য পুলিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে কমিশন।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত রবিবার তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন জ্ঞানেশ। এছাড়াও সঙ্গে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। আজ সকাল ৭টা নাগাদ প্রথমে বেলুড় মঠে যান জ্ঞানেশ। মূল মন্দির দর্শন করেন। কথা বলেন অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গে। এরপর সেখানে ৪৫ মিনিট সময় কাটানোর পর বেরিয়ে যান তিনি। আজ মঠ থেকে বেরোনোর পর জ্ঞানেশ বলেন, ' এবারে নির্বাচন সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ হবে। কোনো রকম হিংসার ঘটনাকে প্রশ্রয় দেবে না নির্বাচন কমিশন।'
এরপর জ্ঞানেশ কুমারের গাড়ি দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করতেই নতুন করে শুরু হয় বিক্ষোভ। সেখানেও তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। ওঠে 'গো ব্যাক' স্লোগানও। গতকালের মত আজও একাধিক বিক্ষোভকারীর অভিযোগ, SIR প্রক্রিয়ায় বহু মানুষের পরিবারকে অযথা হয়রানির শিকার হতে হয়েছে। বহু মানুষের 'ডিলিটেড' তালিকায় ফেলে দেওয়া হয়েছে। যদিও বিক্ষোভ নিয়ে কোন মন্তব্য করতে চাননি জ্ঞানেশ।