সোম সকালে বৈঠক শুরুর আগেই কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু সেখানে পৌঁছেও সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। ফের সেই কালো পতাকা আর 'গো ব্...
সোম সকালে বৈঠক শুরুর আগেই কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু সেখানে পৌঁছেও সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। ফের সেই কালো পতাকা আর 'গো ব্যাক' লেখা পোস্টার নিয়ে জ্ঞানেশকে ঘিরে ধরল উত্তেজিত জনতা। যদিও সেই বিক্ষোভকে বিশেষ পাত্তা দেননি জ্ঞানেশ। বরং পুজো সেরে মন্দির ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি আধো বাংলা ও হিন্দি মিলিয়ে বলেন, 'কালী মা সবাইকে ভালো রাখুক।'
রবি রাতে রাজ্যে পা রেখেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ আরও ১২ জন। এরপর আজ, সোমবারই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। তার আগে মুখ্যমন্ত্রীর এলাকা, কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ। এছাড়াও সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালও। কিন্তু সেখানে তাঁদের পৌঁছোনোর আগেই মন্দিরের সামনে জড়ো হয়েছিলেন বিক্ষুব্ধ জনতা। SIR প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে জানিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
যদিও ক্ষোভের মুখে পড়ে বিশেষ কোন মন্তব্য করতে চাননি জ্ঞানেশ। মন্দির থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শুধু বলেন, 'পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। কালী মা সকলকে ভাল রাখুন।' এরপরেই গাড়িতে চেপে কালীঘাট চত্বর ছাড়েন তিনি।
প্রসঙ্গত, গতকাল রাতে কলকাতায় পা রাখা মাত্রই বিক্ষোভের মুখোমুখি হয়েছিলেন জ্ঞানেশ। কলকাতা বিমানবন্দর থেকে নিউটাউনের হোটেল পর্যন্ত তাঁর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখায় বাম কর্মী-সমর্থকেরা। ওঠে 'গো ব্যাক' স্লোগানও। এরপরেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিস। আটক করা হয় বেশ কয়েকজনকে।