সোমবার নবান্নে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে যোগ দেওয়ায় আগে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সেখানে কিছুক্ষন সময় কাটানোর পর শ...
সোমবার নবান্নে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে যোগ দেওয়ায় আগে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সেখানে কিছুক্ষন সময় কাটানোর পর শমীকের সঙ্গে একই গাড়িতে চেপে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের উদ্দেশে রওনা দেন দু'জন। সেখানেই তাঁদের একপ্রস্থ বৈঠক হবে। এরপর সেখানে থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন তাঁরা।
এদিন সকালে থেকেই রাজ্য বিজেপির সভাপতির বাড়ির সামনে ভিড় করেছিলেন বিজেপির বহু নেতা-কর্মীরা। ছিলেন স্থানীয়রাও। মুখ্যমন্ত্রী নামতেই তাঁকে পদ্মফুলের মালা পরিয়ে বরণ করা হয়। এরপর শমীকের বাড়িতে কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। পরে দু'জনেই একই গাড়িতে উঠে দলীয় কার্যালয়ের দিকে রওনা দেন। আজ বিজেপির কার্যালয়ের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে, শঙ্খ বাজিয়ে বরণ করেন দলের কর্মীরা।
রাজ্যে বিজেপির সরকার গঠন হওয়ার পর, সোমবার শুভেন্দুর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। সূত্রের খবর, আজ বিকেল ৪টেয় নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে পর পর তিনটি বৈঠক হওয়ার কথা। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক হবে। এরপর দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। পরে বিকেলে রাজ্য পুলিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে তাঁর।