বঙ্গে বিধানসভার আগে বিহারে বড় সাফল্য কলকাতা পুলিসের। বিরাট অস্ত্র কারখানার হদিশ। বিহার পুলিসের এসটিএফ-কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার হল। সেখান থেকে উদ্ধার হয়েছে ...
বঙ্গে বিধানসভার আগে বিহারে বড় সাফল্য কলকাতা পুলিসের। বিরাট অস্ত্র কারখানার হদিশ। বিহার পুলিসের এসটিএফ-কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার হল। সেখান থেকে উদ্ধার হয়েছে পিস্তল ও অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম। সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিস সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে যৌথভাবে এই অভিযানটি চালায় বিহার ও কলকাতা পুলিসের এসটিএফ। সূত্র মারফত খবর পেয়ে ভাগলপুর জেলায় মধুসূদনপুর থানা এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিস। বাড়ির একতলাতেই ছিল কারখানাটি। ওই বাড়ির মালিক মহম্মদ নাসির আনসারিরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তারপর তল্লাশিতে পুলিস সেই অস্ত্র কারখানার হদিশ পেয়ে যায়।
এরপরেই ওই বাড়ির মালিক মহম্মদ নাসির আনসারি-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, তল্লাশি অভিযানে ২০টি দেশি ৭.৫ এমএম পিস্তল, আটটি পিস্তল ব্যারল, দু’টি মাইলিং মেশিন, একটি করে ড্রিল মেশিন, হ্যান্ড গ্রাইন্ডার-সহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছে পুলিস। একই সঙ্গে বড় এই চক্রের পিছনে বড়সড় কোনও মাথা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।