পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় কমিশন কোনও রোহিঙ্গাকে চিহ্নিত করতে পারেনি। বরং বিগত দু'মাসে 'হয়রানির' জেরে মৃত্যু হয়েছে কয়েকশো সাধারণ মানুষের। সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসে এমনটাই অ...
পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় কমিশন কোনও রোহিঙ্গাকে চিহ্নিত করতে পারেনি। বরং বিগত দু'মাসে 'হয়রানির' জেরে মৃত্যু হয়েছে কয়েকশো সাধারণ মানুষের। সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসে এমনটাই অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। এদিন হিরহাদ ছাড়াও শাসক দলের তরফে বৈঠকে যোগ দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজীব কুমার। সেখানে চন্দ্রিমার সঙ্গে 'দুর্ব্যবহার' করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে।
জানা যাচ্ছে, এদিন বেলা ১২টা ১০ মিনিট নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার। এরপর সেই বৈঠক সেরে বেরোতেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শাসক দলের প্রতিনিধিরা। ফিরহাদ বিজেপি আর কমিশনকে এক সূত্রে বেঁধে বলেন, 'রাজ্যের বিরোধী দল বাংলায় ঘুসপেটিয়া ও রোহিঙ্গা আছে বলে একটা ধারণা তৈরি করে দিয়েছিল। কিন্তু কমিশন এই দু'মাসের SIR প্রক্রিয়ায় কোনও রোহিঙ্গা বা ঘুসপেটিয়াকে চিহ্নিত করতে পারেননি। কিন্তু বিজেপির এই ধারণাকে প্রমাণ করতে গিয়ে কমিশন ভারতের নাগরিকদের হেনস্থা করেছে। হাজার হাজার লোকদের লাইনে দাঁড় করিয়েছে। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কে নেবে?'
এরপরেই সোজা বিজেপিকে নিশানা করে তিনি বলেন, 'বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই নির্বাচনের আগে ঘুসপেটিয়া ও রোহিঙ্গা ধারণাকে হাতিয়ার করে বাংলার সর্বনাশ করে দিয়েছে। যে সমস্ত নিরীহ মানুষরা মারা গিয়েছেন, ওদের জন্যই হয়েছে।' তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্টে অধিকার রক্ষা করতে গিয়েছি। আদালতে যাওয়ার আগে বারবার আপনার কাছে প্রতিনিধি পাঠানো হয়েছে। গুরুত্ব দেননি।'